জামিন জালিয়াতিতে যুক্ত দুই আইনজীবী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া কাগজপত্র তৈরি করে গুলশানের আলোচিত সাদেকুর-রোমানা দম্পতি হত্যা মামলার আসামিদের জামিনের ব্যবস্থা করার অভিযোগে দুই আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার মধ্যরাতে শাহবাগ ও পল্লবীতে অভিযান চালিয়ে আইনজীবী মনির হোসেন ও মনিরুজ্জামান এবং তাঁদের সহযোগী ফারুক আহম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ।সাদেকুর-রোমানা দম্পতি খুনের মামলার দুই আসামি রুবেল ও মিথুন এই জালিয়াত চক্রের মাধ্যমে সম্প্রতি জামিন নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনা তদন্ত করতে নেমে চক্রটির সন্ধান পায় ডিবি পুলিশ।জালিয়াতি করে জামিনের ব্যবস্থার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তারের পর গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিবির কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া তিনজন দীর্ঘদিন ধরে জালিয়াতি করে আসামিদের জামিনে সহায়তা করে আসছিলেন। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা বিভিন্ন মামলায় জালিয়াতির মাধ্যমে আসামিদের জামিনের ব্যবস্থা করিয়ে দেওয়ার কথাও স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে নগরের শাহবাগ ও মিরপুর থানায় মামলা রয়েছে। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এ ব্যাপারে আরও তথ্য পাওয়া যাবে বলে তিনি মনে করেন। গতকাল তাঁদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।এর আগে গ্রেপ্তার হওয়া দুই আসামির জামিনদার মহিউদ্দিন রাব্বি এখন চার দিনের রিমান্ডে রয়েছেন। জানা গেছে, ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ভুয়া কাগজপত্রের মাধ্যমে আসামিদের জামিনের ব্যবস্থা করাতে আইনজীবীদের সঙ্গে তাঁর ১৪ লাখ টাকা চুক্তি হয়। মহিউদ্দিন জিজ্ঞাসাবাদে আরও জানান, জজ আদালতের আইনজীবী মনিরুজ্জামান প্রথমে জেলগেটে পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তাকে দেওয়ার কথা বলে ২৫ হাজার টাকা নেন। চুক্তি অনুযায়ী রুবেল ও মিথুন কারাগার থেকে ছাড়া পাওয়ার পর বাকি টাকা তাঁদের দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া অপর আইনজীবী হাইকোর্টের বলে জানা গেছে।ডিবির সহকারী কমিশনার মো. শহীদুল্লাহ বলেন, পাঁচ বছর ধরে একটি চক্র জালিয়াতির মাধ্যমে বিভিন্ন মামলার আসামিদের জামিনের বন্দোবস্ত করে আসছিল। প্রথমে তারা আসামির স্বজনদের সঙ্গে মোটা অঙ্কের চুক্তি করে। এরপর তারা মামলার ভুয়া কাগজপত্র তৈরি করে আদালতে উপস্থাপন করে। তারা নকল কাগজপত্রে মামলার মূল ঘটনা আড়াল করে ওই ঘটনায় তাদের সংশ্লিষ্টতা নেই এবং তারা সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার রয়েছে উল্লেখ করে ওই কাগজপত্র আদালতে দাখিল করে। এভাবে বিভিন্ন ধরনের ১৪টি মামলায় আসামিদের জামিনের ব্যবস্থা করিয়েছে চক্রটি। সর্বশেষ গুলশানে সাদেকুর-রোমানা দম্পতি খুনের মামলাতেও এই জালিয়াতির আশ্রয় নেওয়া হয়। এ ব্যাপারে পত্রিকায় প্রতিবেদন ছাপা হওয়ার পর হাইকোর্ট ১ জুন জালিয়াত চক্রের রহস্য উদ্ঘাটনে ডিবিকে নির্দেশ দেন। এরই একপর্যায়ে ৮ জুন জালিয়াতিতে জড়িত মহিউদ্দিন রাব্বিকে গ্রেপ্তার করে ডিবি। তাঁর তথ্য অনুযায়ী শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শাহবাগ ও পল্লবীতে পৃথক অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।ডিবির কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া ফারুক আহম্মেদ জালিয়াত চক্রের প্রধান। তিনি নিজেকে ‘ম্যাজিস্ট্রেট’ বলে পরিচয় দিতেন। জালিয়াতির মাধ্যমে তিনি কয়েক বছরে কোটি টাকার মালিক হয়েছেন। তাঁর বাসায় তল্লাশি চালিয়ে জালিয়াতিতে ব্যবহূত দুটি টাইপ রাইটার যন্ত্র, বিভিন্ন আদালতের গুরুত্বপূর্ণ সিল, দলিল, মিথ্যা পরিচয়ে ছাপানো ভিজিটিং কার্ড ও বিচারাধীন বিভিন্ন মামলার নথিপত্র উদ্ধার করা হয়েছে।গত বছরের মার্চে বখাটে রুবেল, তাঁর বন্ধু মিথুন ব্যবসায়ী সাদেকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসকে গুলি করে হত্যা করেন। ওই দম্পতি রুবেলের সঙ্গে তাঁদের মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ওই দম্পতি খুন হওয়ার পরই রুবেল ও মিথুন গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন। পরে চলতি বছরের ২৩ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন নিয়ে ২৭ জানুয়ারি জেল থেকে বের হয়ে লাপাত্তা হয়ে যান রুবেল ও মিথুন। গ্রেপ্তার হওয়া মহিউদ্দিন রাব্বি রুবেলের বোনের স্বামী ও তাঁদের দুজনের জামিনদার ছিলেন বলে পুলিশ জানিয়েছে।