জামিন না হওয়ায় আইনজীবীদের এজলাস ভাঙচুর
প্রতারণা ও জালিয়াতির মামলায় এক আইনজীবীকে জামিন না দেওয়ায় আজ রোববার এজলাস ভাঙচুর করেছে একদল আইনজীবী। ঢাকার মহানগর হাকিম এম এ সালামের আদালতে এ ঘটনা ঘটে।আদালত সূত্র জানায়, আজ প্রতারণা মামলায় অভিযুক্ত আইনজীবী নুরুল হকের জামিনের আবেদন করা হয়। জামিনের শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিয়া। এ সময় ২০-২৫ জন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। একটি মামলায় এত বেশিসংখ্যক আইনজীবীর উপস্থিতি দেখে বিচারক বলেন, ‘এটা পল্টনের ময়দান না।’ তিনি জামিনের আবেদন নাকচ করে দেন। এ নিয়ে হট্টগোল শুরু হয় এবং কেউ কেউ আদালতের নথি, চেয়ার-টেবিল ফেলে দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের কর্মকর্তা ও কর্মচারী জানান, আদালত জামিন না দেওয়ায় উপস্থিত আইনজীবীরা নথিপত্র ছুড়ে মারেন এবং চেয়ার টেবিল ভাঙচুর করেন। একদল আইনজীবী আত্মসমর্পণ করা আইনজীবী নুরুল হককে কাঠগড়া থেকে নামিয়ে নিয়ে যায়।এ বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি শেখ হেমায়েত হোসেন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সমিতির জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে আলোচনায় বসেন। পরে তাঁরা ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক এবং মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের সঙ্গে দেখা করে বিষয়টির ‘সমাধান’ করেন বলে জানা গেছে।