জামিন পাবেন না জ্যাকসনের চিকিৎসক
পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য তাঁর চিকিৎসককে চার বছরের কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল এবং তাঁকে জামিনে মুক্তি দেওয়া ঠিক হবে না। সম্প্রতি জ্যাকসনের চিকিত্সক কনরাড মারে জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি কৌঁসুলিরা এ কথা বলেছেন। দুজন ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডেভিড ওয়ালগ্রেন ও ডেবোরাহ ব্রাজিল সম্প্রতি জ্যাকসনের চিকিত্সকের জামিন আবেদনের বিপক্ষে যুক্তি প্রদর্শন করতে গিয়ে বলেছেন, ‘জামিন মঞ্জুর হলে সমাজের জন্য কনরাড মারে বিপজ্জনক হয়ে উঠতে পারেন। শুধু তা-ই নয়, তাঁর গতিবিধি পর্যবেক্ষণের জন্য গোড়ালিতে বৈদ্যুতিক কোনো ব্রেসলেট বেঁধে দিয়ে তাঁকে ছেড়ে দেওয়াটাও ঠিক হবে না।’ উল্লেখ্য, চেতনানাশক ঘুমের ওষুধ দিয়ে অনিচ্ছাকৃতভাবে মাইকেল জ্যাকসনকে হত্যার অভিযোগে তাঁর চিকিত্সক কনরাড মারেকে আদালত দোষী সাব্যস্ত করেন। অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ প্রয়োগে ২০০৯ সালের জুন মাসে জ্যাকসন মৃত্যুবরণ করেন। কৌঁসুলিরা বলেন, ‘চিকিত্সক মারে জ্যাকসনের শরীরে উচ্চমাত্রার বিপজ্জনক ওষুধ প্রয়োগ করেছেন। আর এতেই জ্যাকসনের মৃত্যু ঘটে। তাই তাঁকে দেওয়া দণ্ড যথাযথ হয়েছে।’ কৌঁসুলিরা আরও বলেন, ‘জ্যাকসনের মৃত্যুর ব্যাপারে কনরাড তাঁর দায় নিতে ব্যর্থ হয়েছেন। এ ব্যর্থতার জন্য কোনো ধরনের অনুশোচনাও করেননি তিনি। জ্যাকসনের প্রতি তাঁর এ ধরনের আচরণ বা ওষুধ প্রয়োগের সিদ্ধান্তকে কনরাড কোনো অপরাধ বলেও মনে করেননি। দেশে ও দেশের বাইরে অনেকের সঙ্গে কনরাডের যোগাযোগ আছে। এতে তিনি পালিয়েও যেতে পারেন। তাই কনরাডকে জামিন দেওয়াটা ঠিক হবে না।’ এদিকে, কনরাডের আইনজীবী মাইকেল ফ্লেনাগান গত মাসে বলেছেন, ‘আমার মক্কেল চিকিত্সা পেশা ছেড়ে দেবেন। আর এর আগে কনরাডের বিরুদ্ধে এ ধরনের অপরাধ করার কোনো তথ্যপ্রমাণ নেই। তাঁর দণ্ডটা অনেক বেশি কঠোর হয়ে গেছে।’