র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। লিমনকে সরকারি খরচে তার ইচ্ছা অনুসারে দেশের যেকোনো হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এক আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করে এ নির্দেশ দেন।লিমনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে লিমনের ওপর নির্যাতনের ঘটনায় কেন তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল গতকাল হাইকোর্টে লিমনের ব্যাপারে আবেদনটি করেন। আসকের পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান, শাহ্দীন মালিক ও জে আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ কিসলু ও সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশিদ। শুনানির সময় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, আসকের পরিচালক নুর খান, আইনজীবী আবু ওবায়দুর রহমান ও অবন্তী নুরুল উপস্থিত ছিলেন।হাইকোর্টের আদেশে সন্তুষ্টি প্রকাশ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, লিমনকে সর্বোৎকৃষ্ট চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য সরকারকে বলা হয়েছে। লিমনের সুচিকিৎসা হোক, এটাই সবার প্রত্যাশা। এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে, এ ব্যাপারে সজাগ থাকতে হবে। তিনি বলেন, ‘লিমনের এ অবস্থা কীভাবে হয়েছে, তদন্ত কমিশন হলে তা জানা যাবে। আমরা মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে অনেক তথ্য জেনেছি। ওগুলো কতটুকু সত্য, তা জানার ইচ্ছা জনগণের আছে। তদন্ত করলে অনেক প্রশ্নের উত্তর মিলবে।’সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, ‘আমরা একটা জায়গায় পৌঁছেছি। লিমনকে জামিন দেওয়া হয়েছে। সুচিকিৎসার কথা বলা হয়েছে। সব ব্যয়ভার সরকারকে দিতে বলা হয়েছে। এ ছাড়া তদন্ত কমিশন গঠন প্রশ্নে রুল জারি করা হয়েছে। আশা করছি, এর মাধ্যমে কী ঘটনা ঘটেছে বা কারা দায়ী, তা বের হয়ে আসবে।’গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শুনানিতে অংশ নিয়ে ইদ্রিসুর রহমান বলেন, লিমনকে নিয়ে টানাহেঁচড়া হচ্ছে বলে সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে। তাঁর রক্তক্ষরণ হচ্ছে। তখন আদালত জানতে চান, জামিন চাইছেন কি না। জবাবে ইদ্রিসুর রহমান বলেন, ‘জামিন চাইছি। আসামি হলেও সে যদি অসুস্থ হয়, তাঁকে হাসপাতালে নিতে হয়। লিমনের পায়ে রক্তক্ষরণ হচ্ছে। এ অবস্থায় হাসপাতাল থেকে কারাগারে নেওয়া অমানবিক।’এর বিরোধিতা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ বলেন, আবেদন যথাযথ হয়নি। কেউ সংক্ষুব্ধ হলে সঠিক ফোরামে উচ্চ আদালতের আশ্রয় নিতে পারে। অন্যথায় নয়।এ পর্যায়ে শাহ্দীন মালিক বলেন, লিমনের ওপর নির্যাতনের ঘটনায় তদন্ত কমিশন অ্যাক্ট অনুসারে সাবেক বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করা যেতে পারে। এ ছাড়া পুলিশ রেগুলেশন অব বাংলাদেশ অনুসারে সন্ত্রাসবিরোধী অভিযান সঠিকভাবে হচ্ছে কি না, তা উদ্ঘাটনে কমিশন গঠনের নির্দেশনা চান তিনি।এর বিরোধিতা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ইতিমধ্যে তদন্ত হয়েছে। পুলিশ প্রতিবেদন দাখিল করেছে। পুনঃ তদন্তের প্রয়োজন নেই।সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত আদেশ দেন।ঢাকায় চিকিৎসা করাতে চায় লিমন: প্রথম আলোর বরিশাল অফিস জানায়, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন লিমন গতকাল দুপুরে হাইকোর্টের আদেশের কথা শুনেছে। লিমন বলে, ‘চিকিৎসার জন্য ঢাকায় যামু। আমার লইগ্যা হেই ব্যবস্থা করেন।’ সে জানায়, হাসপাতালে তার কাছে মাকে থাকতে দেওয়া হয়নি। ফলে পায়খানা-প্রস্রাব সারতে তার সমস্যা হচ্ছে।হাইকোর্টের নির্দেশের কথা শুনে স্বস্তি প্রকাশ করেন লিমনের বাবা তোফাজ্জল হোসেন ও মা হেনোয়ারা বেগম। তোফাজ্জল হোসেনের অভিযোগ, ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে না এনে মাইক্রোবাসে বসিয়ে ঝালকাঠি, তারপর বরিশালে নেওয়ায় লিমন আরও অসুস্থ হয়ে পড়েছে। অনেক অনুরোধের পর গতকাল বেলা ১২টার দিকে তিনি ছেলের সঙ্গে দেখা করার সুযোগ পান বলে জানান।জানতে চাইলে বরিশাল কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ছগির মিয়া বলেন, ‘কারাবিধি অনুযায়ী লিমনের সঙ্গে পরিবারের কাউকে থাকতে দেওয়া যায় না। তার পরও মানবিক কারণে ওর মাকে কাছাকাছি থাকার জন্য বলেছি। জামিনের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ছাড়ার ব্যবস্থা করা হবে।’গতকাল হাসপাতালের প্রিজন সেলে একটি কক্ষে গাদাগাদি করে অনেক কয়েদিকে দেখা যায়। দাগি আসামিদের সঙ্গে রাখা হয়েছে লিমনকে।ইউএনও কার্যালয়ে ১৩ জনের সাক্ষ্য: প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি জানান, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, লিমনকে গুলির ঘটনা নিয়ে তদন্তকারী একজন ম্যাজিস্ট্রেট গতকাল ১৩ ব্যক্তির সাক্ষ্য নিয়েছেন। রাজাপুর ইউএনওর কক্ষে বেলা ১০টা থেকে তিনটা পর্যন্ত সাক্ষ্যদাতার মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এঁদের মধ্যে একজন সাতুরিয়া গ্রামের হারুন মোল্লা। তিনি জানান, বুধবার রাত দুইটায় র্যাবের একটি দল তাঁর বাড়িতে যায়। র্যাব তাঁকে গতকাল সকাল ১০টায় ইউএনও কার্যালয়ে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে লিমনের বিষয়ে সাক্ষ্য দিতে বলে। র্যাবের নির্দেশে তিনি গিয়ে সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেন, ‘আমি ছাড়া আরও ১২ জন সাক্ষ্য দিয়েছেন। এদের মধ্যে মনির জমাদ্দার ও নুরুজ্জামান ছাড়া আর কাউকে চিনি না। ওই সময় রাজাপুরের টিএনও সাহেব উপস্থিত ছিলেন।’ ম্যাজিস্ট্রেটকে দেওয়া সাক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ‘আমি বলেছি, ২৩ মার্চ ছয়টায় আমি নৌকায় ডাব নিয়ে মোল্লার খাল দিয়ে বাড়ি আসছিলাম। তখন র্যাব আমাকে ডেকে বলে, আপনি দাঁড়ান, আপনার সামনে এই ঘর সার্চ করব (শহীদ জমাদ্দারের ঘর)। আমার সামনে ওই ঘর থেকে দুটি দা উদ্ধার করে সাদা কাগজে আমার সই নেয়। ওই খানে আমি লিমনকে দেখি নাই। লিমনকে আমি ব্যক্তিগতভাবে চিনি। সে ভালো ছেলে, সন্ত্রাসী নয়।’গতকাল কোন তদন্ত কমিটি সাক্ষ্য নিয়েছে, তা জানার জন্য রাজাপুরের ইউএনও জাহাঙ্গীর হোসেনের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।প্রসঙ্গত, গত ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে বাড়ির পাশে গরু আনতে গেলে এইচএসসি পরীক্ষার্থী লিমন র্যাবের নিষ্ঠুরতার শিকার হয়। র্যাব সদস্যরা লিমনের এক পায়ে গুলি করেন। পরে চিকিৎসকেরা ওই পা কেটে ফেলতে বাধ্য হন। এরপর র্যাব লিমনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দুটি মামলা করে।