জামিন পেলেন আমানউল্লাহ ও নাজিমউদ্দিন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বাস পোড়ানোর মামলায় জামিন পেয়েছেন বিএনপির নেতা আমানউল্লাহ ও নাজিমউদ্দিন আলম। আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে মহানগর হাকিম হারুন-অর-রশীদ তা মঞ্জুর করেন।দ্রুত বিচার আইনে করা এ মামলায় গত মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকাসহ ১৮ দলীয় জোটের ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।ওই দিন আদালতে হাজির হননি বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপির নেতা আমানউল্লাহ ও নাজিমউদ্দিন আলম। এই তিনজনের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা নাকচ করে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।সাদেক হোসেন খোকা সিঙ্গাপুরে চিকিত্সা শেষে দেশে ফিরে গত বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে মহানগর হাকিম হারুন-অর-রশীদ তা মঞ্জুর করেন। একই মামলায় আজ জামিন পেলেন আমানউল্লাহ ও নাজিমউদ্দিন আলম।গত ২৯ এপ্রিল বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের পর রাত নয়টার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে একটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানার পুলিশ এ মামলা করে।