ঢাকার কেরানীগঞ্জে শিশু পরাগ মণ্ডল অপহরণ মামলার আরও দুই আসামি জামিনে মুক্তি পেয়েছেন। সব মিলিয়ে এই মামলার পাঁচজন আসামি জামিন পেলেন। আজ বুধবার আরেক আসামির জামিনের আবেদন শুনানির দিন ধার্য রয়েছে।ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল মজিদের আদালত থেকে বিভিন্ন সময়ে পাঁচজন জামিন নিয়েছেন। মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, এই মামলায় প্রথমে জামিন পান আবুল কাশেম। তিনি গত ২ জানুয়ারি জামিন পান। এরপর পরাগ মণ্ডল অপহরণের অন্যতম পরিকল্পনাকারী যুবলীগের নেতা আমিনুল হক ওরফে জুয়েল মোল্লা ১৫ জানুয়ারি, আলফাজ হোসেন ২৩ জানুয়ারি, রিজভী আহম্মেদ ২৮ জানুয়ারি এবং ৭ ফেব্রুয়ারি মামুন মিয়া জামিন পান। গতকাল প্রথম আলোয় জুয়েল মোল্লা, আলফাজ ও মামুনের জামিন নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। রিজভী আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মামুন মিয়ার নাম প্রকাশ করেন। মামলার নথিতে দেখা যায়, জুয়েল মোল্লা অবকাশকালীন জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে ৯ ডিসেম্বর তা নাকচ করেন আদালত। ওই আদেশে বলা হয়, মামলাটি তদন্তাধীন অবস্থায় জামিন দেওয়া সঠিক হবে না।আদালত সূত্র জানায়, এ মামলার আরেক আসামি জাহেদুল হাসানের জামিনের আবেদনের শুনানির দিন আজ ধার্য রয়েছে।গত বছরের ১১ নভেম্বর সকাল সোয়া সাতটার দিকে স্কুলে যাওয়ার পথে কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ার বাড়ির অদূরে গাড়িতে ওঠার সময় ছয় বছরের পরাগকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ সময় তার মা, বোন ও গাড়িচালককে গুলি করে দুর্বৃত্তরা। অপহরণের ৬৪ ঘণ্টা পর ১৩ নভেম্বর রাত ১২টার দিকে কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় অচেতন অবস্থায় পরাগকে ফেলে রেখে যাওয়া হয়। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।এই মামলায় পুলিশ ও র্যাব ১১ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ‘মূল পরিকল্পনাকারী’ মোক্তার হোসেন ওরফে আমিরকে গত ২৫ নভেম্বর টঙ্গী থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য চারজনের মধ্যে রয়েছেন: কালাচান, মোহাম্মদ আলী রিফাত ও আল আমিন।গতকাল প্রথম আলোয় ‘জামিনে বেরিয়ে গেল তিন আসামি, পিপি জানেন না!’ শিরোনামে প্রকাশিত সংবাদের অংশবিশেষের প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খোন্দকার আবদুল মান্নান। প্রতিবাদপত্রে তিনি বলেছেন, প্রতিবেদনে তাঁর যে বক্তব্য প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। মামলাটিতে আসামিদের জামিনের শুনানিকালে তিনি ব্যক্তিগতভাবে জামিনের বিরোধিতা করেছেন। আদালত মামলার গুণাগুণ বিচার করে জামিন দিয়েছেন। তিনি প্রতিবেদককে বলেছিলেন, ‘মামলার নথি না দেখে বিস্তারিত বলতে পারব না।’গতকাল জেলা পিপি কার্যালয়ে খোন্দকার আবদুল মান্নানের উপস্থিতিতে অতিরিক্ত সরকারি কৌঁসুলি মুসলেহ উদ্দিন প্রথম আলোর প্রতিবেদকসহ সাংবাদিকদের বলেন, ‘এই মামলায় রাষ্ট্রপক্ষে আমরা জামিনের বিরোধিতা করেছি। আসামি জুয়েল মোল্লা ও ভিকটিমের (পরাগ) বাবার মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। তা ছাড়া আসামিদের নাম এজাহারে নেই।’জুয়েল মোল্লার আইনজীবী রাসেল হোসেন বলেন, পিপি জানেন না—এই তথ্য সঠিক নয়।তবে মামলার নথিতে দেখা যায়, আসামির জামিন আদেশে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেছে—এ ধরনের কোনো বক্তব্য নেই।গতকাল পিপি সাংবাদিকদের বলেন, তিনি রাজনৈতিক মামলাগুলোর শুনানিতে অংশ নেন। অন্য মামলাগুলোতে সাধারণত তিনি আদালতে থাকেন না, অন্য পিপিরা থাকেন।