জামিন পেলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এই মামলায় হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার তিনি জ্যেষ্ঠ জজ জহুরুল হকের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করেন। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য খালেদা জিয়া ঢাকার বিশেষ জজ আদালত-৩- হাজির হন। এ সময় তিনি তাঁর আইনজীবীর মাধ্যমে শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক মোজাম্মেল হোসেন তা মঞ্জুর করে আগামী ১৮ মার্চ শুনানির দিন ধার্য করেন।দুর্নীতির অভিযোগে করা এ দুটি মামলায় দুপুর ১২টার দিকে তিনি আদালতে হাজির হন। এরপর দুটি মামলায় মাত্র ১৫-২০ মিনিটের শুনানি শেষে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। আদালত সূত্রে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে গত বছরের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাকি তিন আসামি হলেন: তাঁর সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের একান্ত সচিব জিয়াউল ইসলাম (বর্তমানে বিআইডব্লিউটির ভারপ্রাপ্ত পরিচালক) এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। আর দুদক জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি করে ২০০৮ সালের ৩ জুলাই। ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ‘প্রধানমন্ত্রীর এতিম তহবিল’ নামে সোনালী ব্যাংক ঢাকার রমনা শাখায় একটি চলতি হিসাব খোলেন। ভুয়া এফডিআরের মাধ্যমে ব্যাংক থেকে এই এতিম তহবিলের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা তুলে আত্মসাত্ করার অভিযোগে দুদক মামলা করে। এরপর দুদক ২০০৯ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানকে আসামি করে আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করে। খালেদা জিয়া এ মামলায় জামিনে আছেন। এ ছাড়া তারেক রহমান উচ্চ আদালতের আদেশে চিকিত্সার জন্য লন্ডনে আছেন।