জামিন পেলেন চারদলীয় জোটের কর্মীরা
দিনাজপুরে চারদলীয় জোটের গণমিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় জামিন পেয়েছেন চারদলীয় জোটের নেতা-কর্মীরা। আজ বুধবার দিনাজপুর আমলি আদালত-১-এর বিচারক এ এস এম তাসকিনুল হক তাঁদের জামিন মঞ্জুর করেন।আজ বেলা সাড়ে ১১টার দিকে মামলার আসামি হিসেবে দিনাজপুর জেলা জাতীয়তাবাদী দলের সভাপতি মো. লুত্ফর রহমান, সহসভাপতি মো. আক্তারুজ্জামান মিয়া, এ জেড এম রেজওয়ানুল হক, মাহবুব আহমেদ, মো. খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. হাসানুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর আমির মো. আনোয়ারুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জেলা সভাপতি রাকিব উদ্দিন চৌধুরীসহ চারদলীয় জোটের দুই শতাধিক নেতা-কর্মী আদালতে হাজির হন। কয়েকজন আইনজীবী তাঁদের জামিনের জন্য আদালতে আবেদন করেন। পরে বিচারক সব আসামিকে জামিনে মুক্তির আদেশ দেন। গত ২৯ জানুয়ারি গণমিছিলের ঘটনায় সংঘর্ষে ১৫ পুলিশ ও চারদলীয় জোটের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। পুলিশের ওপর হামলার অভিযোগে চারদলীয় জোটের ৪৫ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সরকার মামলা করেন।