জামিন পেলেন জয়নাল আবদিন ও শহীদ উদ্দিন
বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক এবং বিএনপির সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী আগামী ৪ এপ্রিল পর্যন্ত জামিন পেয়েছেন। আজ বুধবার তাঁরা হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে বিচারপতি শহীদুল ইসলামের একক অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।আদালতে জয়নাল আবদিন ও শহীদ উদ্দিন চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন মাহবুব উদ্দিন খোকন। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় এ দুজনের বিরুদ্ধে ২৭ মার্চ চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন আইনজীবী দীর্ঘতম বড়ুয়া। প্রসঙ্গত, সজীব ওয়াজেদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ায় ২৪ মার্চ জয়নাল আবদিনকে অন্য আটটি মামলায় আগামী আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জয়নাল আবদিন আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন। একই সঙ্গে আদালত এ সময়ের মধ্যে তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করার নির্দেশও দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত—জয়নাল আবদিনের এমন বক্তব্যে তাঁর (সজীব ওয়াজেদ) মানহানি হয়েছে, এ অভিযোগে মামলা আটটি দায়ের করা হয় ঢাকা, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, বগুড়া, পঞ্চগড়, মাগুরা ও রাজবাড়ীতে।