জামিন পেলেন ডেসটিনির চেয়ারম্যানসহ ৩ জন
ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও বৈশাখী মিডিয়া লিমিটেডের (বৈশাখী টেলিভিশন) ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।জামিন পাওয়া অন্য দুজন হলেন বৈশাখী মিডিয়া লিমিটেডের পরিচালক ইরফান আহমেদ ও সৈয়দ সাজ্জাদ হোসেন।বৈশাখী টিভির শেয়ার হস্তান্তর নিয়ে এক মামলায় আজ বৃহস্পতিবার সকালে এই তিনজন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকার মহানগর হাকিম সাইফুর রহমান তাঁদের জামিন মঞ্জুর করেন।গত সোমবার বিএনএস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এম এইচ এন বুলু তাঁদের বিরুদ্ধে এ মামলা করলে হাকিম সাইফুর রহমান ওই দিনই তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।মামলার আরজিতে বলা হয়, বৈশাখী টেলিভিশনে বাদীর নামে থাকা ৬৪ হাজার শেয়ার (প্রতিটি শেয়ারের মূল্য ১০০ টাকা) ডেসটিনি-২০০০ বরাবর হস্তান্তর করার লক্ষ্যে আসামিদের সঙ্গে ২০০৮ সালে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বাদীকে তিন কোটি টাকা ও বৈশাখী টেলিভিশনের ঋণ পরিশোধ করার কথা ছিল। কিন্তু ওই টাকা পরিশোধ না করায় ২০০৮ সালে ১৫ ডিসেম্বর বাদী তাঁর শেয়ার হস্তান্তরের চুক্তি বাতিল করার জন্য ডেসটিনিকে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি ডেসটিনি কর্তৃপক্ষ বাদী এইচ এন বুলুকে তিন কোটি টাকার একটি চেক দেয়। পরে বাদী যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের কার্যালয়ে (জয়েন্ট স্টক কোম্পানি) খবর নিয়ে জানতে পারেন, বৈশাখী মিডিয়া লিমিটেডের সব শেয়ার ২০০৯ সালে ২৯ জুন ডেসটিনির নামে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর করার ক্ষেত্রে জয়েন্ট স্টক কোম্পানিতে বিধি মোতাবেক পর্যাপ্ত স্ট্যাম্প সরবরাহ করা হয়নি। আসামিরা ইচ্ছা করে মিথ্যা তথ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের মালিকানা পরিবর্তন করেছেন অভিযোগ করে বাদী এ মামলা করেন।