জামিন পেলেন ডেসটিনির বাকি ১৬ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদকের দায়ের করা মুদ্রা পাচারের দুটি মামলায় ডেসটিনি গ্রুপের আরও ১৬ কর্মকর্তা জামিন পেয়েছেন। মামলা দুটির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের আগ পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করা হয়। আজ বুধবার দুপুর ১২টার দিকে তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন। প্রায় সোয়া দুই ঘণ্টার শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. হারুন অর রশীদ দুই মিনিটের জন্য আদালত মুলতবি করে এজলাস ত্যাগ করেন। এরপর উভয় পক্ষের অধিকতর শুনানি শেষে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।ওই ১৬ কর্মকর্তা হলেন: ডেসটিনির পরিচালক মেজবাহ উদ্দিন স্বপন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ, জমসেদ আরা চৌধুরী, শেখ তৈয়েবুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের স্ত্রী ফারাহ দীবা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা জাকির হোসেন, আজাদ রহমান, আকরাম হোসেন সুমন, শিরিন আক্তার, রফিকুল ইসলাম সরকার, মজিবুর রহমান, সুমন আলী খান, সাইদুল ইসলাম খান ও ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের পরিচালক লে. কর্নেল (অব.) দিদারুল আলমআবুল কালাম আজাদ।দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোশাররফ হোসেন। তাঁকে সহযোগিতা করেন আবদুস সালাম, কবীর হোসেন, রফিকুল ইসলাম। আসামিপক্ষে শুনানি করেন কাজী নজিবুল্লাহ, এরফানুল হক সমাজী ও ওমর ফারুক।দুদকের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, জামিন শুনানি ও মামলা পরিচালনার জন্য একমাত্র এখতিয়ার বিশেষ জজ আদালতের। গত ৬ আগস্ট যে পাঁচ আসামি জামিন চেয়েছেন, তা বাতিল করার জন্য উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। মামলার এ অবস্থায় ১৬ আসামির জামিন দেওয়ার সুযোগ নেই। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে।গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় রফিকুল আমীন, হারুন-অর-রশিদসহ ডেসটিনির ২২ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম দুটি মামলা করেন। মামলা দুটি থেকে গত ৬ আগস্ট জামিন পান ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক ও পরিচালক সাঈদ-উর রহমান।এ ছাড়া দুর্নীতির মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তা আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানো হয়েছে। গত ২৭ আগস্ট গভীর রাতে দুদক কর্মকর্তা ও পল্টন থানার পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর পল্টন এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।দুদক সূত্র জানায়, ডেসটিনি ২০০০ লিমিটেড কর্তৃপক্ষ ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন ও ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে প্রায় চার হাজার কোটি টাকা সংগ্রহ করে। কিন্তু অভিযোগ ওঠা ব্যক্তিদের একটি ব্যাংক হিসাবে মাত্র ৫৬ লাখ টাকা ও আরেকটিতে চার কোটি ৮৭ লাখ টাকা পাওয়া গেছে। বাকি টাকা তাঁরা সরিয়ে ফেলেছেন। ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালকেরা নিজ নিজ স্বার্থে বেতন-ভাতা, সম্মানী, লভ্যাংশ ও প্রণোদনা এবং কমিশন গ্রহণের নামে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে ফেলেছেন।দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদারের দায়ের করা এজাহারে বলা হয়, গাছ লাগানো ও স্ট্যাম্প বিক্রির নামে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড দুই হাজার ৩৩৫ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা সংগ্রহ করে। কিন্তু প্রকৃতপক্ষে তারা ৮১ লাখ ২৮ হাজার ৮০টি গাছ লাগিয়ে ২৯৮ কোটি ৯৮ লাখ ১৬ হাজার টাকা সংগ্রহ করে। বাকি দুই হাজার ৩৬ কোটি ৭৬ লাখ টাকা তারা সংগ্রহ করে গাছ না লাগিয়েই। ২০০৬ সালের ২১ মার্চ থেকে ২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ ঘটনা ঘটেছে।পাশাপাশি নিজস্ব প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক অনৈতিক ও অভ্যন্তরীণ চুক্তি অনুযায়ী, ট্রি প্ল্যান্টেশনের কমিশন বাবদ এক হাজার ৩৮৮ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৬৪০ টাকা সরিয়ে নিয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা। ভুয়া খরচ দেখানো হয়েছে ২১৪ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকার। ট্রি প্ল্যান্টেশন থেকে কোনো লাভ না হওয়া সত্ত্বেও লভ্যাংশ দেওয়া হয়েছে ছয় কোটি ৬০ লাখ টাকা, যার পুরোটাই পরিচালকদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে গেছে। আর ট্রি প্ল্যান্টেশনের নামে ব্যাংকে রয়েছে মাত্র চার কোটি ৮৭ লাখ টাকা।দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলামের দায়ের করা মামলার এজাহার থেকে জানা গেছে, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের হিসাব থেকে ২৭০ কোটি ৫২ লাখ ৪২ হাজার ৮২৪ টাকা ঋণ হিসেবে ১৪টি অলাভজনক প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে। ডায়মন্ড বিল্ডার্স লিমিটেডের ৮৪ কোটি টাকা বিনিয়োগ দেখানো হলেও বাস্তবে ওই প্রতিষ্ঠানে মাত্র নয় কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৬৫ টাকা বিনিয়োগের দালিলিক প্রমাণ পাওয়া গেছে। একইভাবে কোনো ধরনের লাভ না হওয়া সত্ত্বেও ডায়মন্ড বিল্ডার্স থেকে ৬৮ কোটি ৮৭ লাখ ৪৯ হাজার ৯৯৭ কোটি টাকা লভ্যাংশ তুলে নিয়েছেন পরিচালকেরা। অন্যান্য প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম করে শুধু ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে মোট ১৪৭ কোটি ৭৭ লাখ ৫০ হাজার ৫৫৭ কোটি টাকা লভ্যাংশ নিয়েছেন তাঁরা।এ ছাড়া জনগণের কাছ থেকে টাকা নিয়ে তাদের ১১ লাখ ৯৭ হাজার ৩১৬টি শেয়ার সার্টিফিকেট দেওয়ার কথা থাকলেও মাত্র ১৩ হাজার ৬৫টি শেয়ার সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। বাকি ১১ লাখ ৭১ লাখ ১৮৬টি শেয়ার ইস্যু না করে জনগণের অর্থ সরিয়ে নেওয়া হয়েছে।ডেসটিনি মাল্টিপারপাসের ব্যাংক হিসাবের মাত্র ৫৬ লাখ টাকা ও নগদ তহবিল মিলিয়ে মাত্র এক কোটির কিছু বেশি টাকা অবশিষ্ট রয়েছে। বাকি টাকা সরিয়ে ফেলেছেন তাঁরা।এজাহার অনুযায়ী, হারুন-অর-রশিদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে ১৯ কোটি ৮২ লাখ টাকা, এর মধ্যে তোলা হয়েছে ১৩ কোটি ৯৭ লাখ টাকা এবং ব্যাংকে রয়েছে পাঁচ কোটি ৮৪ লাখ টাকা। রফিকুল আমীন ও ফারাহ দীবার ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে ৮১ কোটি ৬৫ লাখ টাকা, এর মধ্যে তোলা হয়েছে ৭৩ কোটি ২৭ লাখ এবং ব্যাংকে এখন আছে আট কোটি ৩৮ লাখ টাকা।