জামিন পেলেন নিজামী, মুজাহিদ ও সাঈদী
মহানবী (সা.)-এর সঙ্গে তুলনা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দায়ের করা পৃথক চারটি মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান ও মতিঝিল থানা আমির শফিকুল ইসলাম মাসুদের ৪ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ সোমবার তাঁরা আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন।আদালত একই সঙ্গে ৪ এপ্রিলের পর নিয়মিত বেঞ্চে বিষয়টি উত্থাপনের কথা বলেছেন। এ ছাড়া একই আদালত ১৯৭১ সালের যুদ্ধাপরাধের অভিযোগে পিরোজপুরে দায়ের করা মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছেন।জামায়াতের নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. শহীদুল ইসলামের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তাঁদের পক্ষে শুনানি উপস্থাপন করেন আবদুর রাজ্জাক। সরকারপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে আনোয়ার।উল্লেখ্য, চলতি মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে চাঁদপুর, লালমনিরহাট, খুলনা ও রাঙামাটির আদালতে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালতে এ ধরনের আরও কয়েকটি মামলার শুনানি চলছে।