জামিন পেলেন বিএনপির ছয় নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক মামলায় বিএনপির ছয়জন নেতার ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। জামিন পাওয়া ছয়জন নেতা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ-আল-নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমানউল্লাহ আমান এবং যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আদালত সূত্রে জানা যায়, এই নেতাদের বিরুদ্ধে গত মার্চ মাসে পল্টন, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক মামলা হয়। এর আগে ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতা রুহুল কবির রিজভীসহ অন্যদের বিরুদ্ধে একটি মামলা হয়। আইনজীবীরা জানান, ছয় মামলায় মির্জা আব্বাস, পাঁচ মামলায় আবদুল্লাহ-আল-নোমান ও গয়েশ্বর চন্দ্র রায়, এক মামলায় রুহুল কবির রিজভী, ছয় মামলায় আমানউল্লাহ আমান ও সাত মামলায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন জামিন পেয়েছেন। আদালতে জামিন আবেদনের পক্ষে মওদুদ আহমদ, রফিক-উল হক, রফিকুল ইসলাম মিয়া, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। এসব মামলার মধ্যে দ্রুতবিচার আইনে পল্টন থানায় দুটি ও শাহজাহানপুর থানায় একটি মামলা রয়েছে। পুলিশের কর্তব্যে বাধা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমনা ও পল্টন থানায় দুটি করে চারটি মামলা করা হয়। গত ২, ৬ ও ১১ মার্চের বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় এসব মামলা করা হয়।