জামিন পেলেন বিএনপির তিন নেতা
রাজধানীর পল্টন থানায় বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় বিএনপির নেতা আমানউল্লাহ আমান, এ জেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ শাহজাহানের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।আজ বৃহস্পতিবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন একক বেঞ্চ এ আদেশ দেন। এতে তাঁদের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।পল্টন থানায় করা পৃথক দুটি মামলায় তাঁদের জামিন প্রশ্নে গত ১৭ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটিতে আদালত তাঁদের ছয় মাসের জামিন মঞ্জুর করেন। অন্যটিতে বিভক্ত আদেশ হয়। এক বিচারপতি জামিন মঞ্জুর করেন। অন্য বিচারপতি দ্বিমত পোষণ করে রুল জারির কথা জানান।পরবর্তী সময়ে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। তিনি তা হাইকোর্টের একক বেঞ্চে পাঠান। পরে আসামিপক্ষের আইনজীবীরা আবেদনগুলো অন্য বেঞ্চে শুনানির জন্য পাঠাতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বিষয়টি বিচারপতি নিজামুল হকের একক বেঞ্চে পাঠান।আজ আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন ও রাগিব রউফ চৌধুরী।পরে রাগিব রউফ চৌধুরী প্রথম আলো ডটকমকে জানান, আমানউল্লাহ আমান, এ জেড এম জাহিদ হোসেন ও মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। এতে তাঁদের কারামুক্তিতে আইনগত বাধা নেই। গত ১১ মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর পুলিশ বিএনপির কার্যালয়ে হানা দেয়। কয়েক ঘণ্টা ওই ভবনের বিভিন্ন তলায় অভিযান চালিয়ে ও মহাসচিবের কক্ষের দরজা ভেঙে মির্জা ফখরুলসহ কার্যালয়ে থাকা নেতা-কর্মীদের আটক করে পুলিশ।পরদিন পুলিশ বাদী হয়ে পল্টন থানায় দুটি মামলা করে। দুই মামলার এজাহারে ১৫৪ জনকে আসামি করা হয়।