জামিন পেলেন মন্ত্রীর ভাই সালাহউদ্দিন বাচ্চু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় প্রধান আসামি টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিন আহমেদ বাচ্চুর জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে আসামিপক্ষের আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। বেলা দুইটার দিকে বিচারক শাহজাহান মিয়া তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার সালাহউদ্দিন আহমেদ নরসিংদীর মুখ্য বিচারিক হাকিমের আদলতে আত্মসমর্পণ করেন। এ সময় তাঁর পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। বিচারক নিতাই চন্দ্র সাহা জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ডের নির্দেশ দেন।একদিনের রিমান্ড শেষে গতকাল সোমবার সন্ধ্যায় সালাহউদ্দিনকে মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে আজ সালাহউদ্দিনের পক্ষে আইনজীবীরা জেলা ও দায়রা জজের আদালতে তাদের জামিন আবেদন করেন। বিচারক শাহজাহান মিয়া আসামিদের দেওয়া ১৬৪ ধারার লিখিত জবানবন্দি অনুযায়ী নাজমুল হাসান ওরফে শরীফ ও প্ররোচনাকারী মোবারক হোসেন ছাড়া বাকিরা জামিনে মুক্তি পাওয়ার যোগ্য উল্লেখ করে তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।বাদী পক্ষের আইনজীবী আসাদ আলী জামিন আবেদন নামঞ্জুরের জন্য অনুরোধ করে আদালতকে বলেন, ‘আসামিরা জামিনে কারাগার থেকে বের হয়ে প্রচার করছে যে মন্ত্রী রাজিউদ্দিনের কথা মতো তাঁরা আত্মসমর্পণ করেছিলেন। আর মন্ত্রীর কথা মতোই নাকি আদালত তাঁদের জামিন দিচ্ছেন। প্রশাসন তাদের হাতের মুঠোয়। আর এ জন্য দুই-এক দিনের মধ্যেই তাঁরা জামিনে বের হয়ে আসতে পেরেছে। এ সব কথা আদালত অবমাননা করার শামিল। আর আসামিরা জামিনে বের হয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। তাই তাঁদের জামিন মঞ্জুর না করার অনুরোধ জানাচ্ছি।’এ সময় বিচারক বলেন, ‘আসামি নাজমুল হাসানের লিখিত জবানবন্দিতে তিনি নিজে গুলি করে হত্যা করেছেন বলে জানান। যেহেতু এখানে মামলার মূল আসামি এবং তদন্তের ফলাফল বের হয়ে এসেছে, তাই নাজমুল হাসান ও মোবারক হোসেন ছাড়া অন্যদের জামিনে বাধা নেই।’প্রসঙ্গত, ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন নিহত হন। পরে নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিনের আহমেদ রাজুর ছোট ভাই সালাহউদ্দিনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন।