জামিন পেলেন রিড ফার্মার ব্যবস্থাপনা পরিচালক
ভেজাল ওষুধ উত্পাদন ও বাজারজাতকরণের মামলা থেকে রিড ফার্মার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার ড্রাগ কোর্টের বিচারক আবদুল মজিদ জামিনের এ আদেশ দেন।পাশাপাশি আদালত এ মামলায় পলাতক অন্য তিন আসামিকে আগামী ২৬ মে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।পলাতক ব্যক্তিরা হলেন রিড ফার্মার পরিচালক আবদুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক।আদালত সূত্রে জানা যায়, জামিনের আদেশে বলা হয়, আসামিদের তৈরি করা ওষুধে শিশুদের কিডনি অকেজো হওয়ার প্রমাণ আপাতত পাওয়া যায়নি এবং আসামিদের তৈরি করা ওষুধে মানবদেহের ক্ষতি হয়েছে—এমন কোনো প্রতিবেদনও আসেনি।আদেশে আরও বলা হয়, শুধু মানবহির্ভূত ওষুধ উত্পাদনের কারণে এই আসামিকে অনেক দিন হাজতে রাখার যুক্তি নেই—এই বিবেচনায় আদালত মিজানুর রহমানকে জামিন দেন।ভেজাল ও নিম্নমানের ওষুধ উত্পাদন ও তা বাজারজাত করার অভিযোগে গত বছরের ১০ আগস্ট ওষুধ প্রশাসন পরিদপ্তরের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম রিড ফার্মার পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। পরের দিন আদালত প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।গত বছরের ১২ অক্টোবর মিজানুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে ১৯ অক্টোবর তাঁকে কারাগারে পাঠান।গত বছরের জুন, জুলাই ও আগস্টে ঢাকা শিশু হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২৭টি শিশুর মৃত্যু হয়। অভিযোগ ওঠে, রিড ফার্মার উত্পাদিত প্যারাসিটামল সিরাপ টেমসেট খেয়ে এসব শিশু মারা যায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ওষুধ প্রশাসন বাজার থেকে এই ওষুধের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠায়। মহাখালীর ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষায় ক্ষতিকারক পদার্থ পাওয়া যায় এবং ২৯ জুলাই এ সংক্রান্ত প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রিড ফার্মার তৈরি প্যারাসিটামলে ভেজাল ক্ষতিকারক বিষাক্ত ডাই-ইথাইলিন গ্লাইকল দ্রাবক ব্যবহার করা হয়েছে। এ রাসায়নিক পদার্থ মূলত চামড়া, প্লাস্টিক ও রাবার শিল্পে ব্যবহার করা হয়ে থাকে। তা ছাড়া প্রতিষ্ঠানটির প্যারাসিটামল সিরাপ তৈরির অনুমতি ছিল না।