জামিন পেলেন সাবেক ছয় পুলিশ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় পুলিশের সাবেক ছয় কর্মকর্তা জামিন পেয়েছেন। তাঁরা হলেন সাবেক তিন মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক তিন তদন্ত কর্মকর্তা।গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন এই ছয় আসামিকে জামিনে মুক্তির আদেশ দেন।ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিচারিক আদালতের বিশেষ এজলাসে গতকাল হত্যা মামলায় সাতজন আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়। এই মামলার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আসামিদের জামিনের বিরোধিতা করেন।আদালত সাবেক তিন আইজিপি আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বখস চৌধুরী এবং জোট সরকার আমলের তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি আবদুর রশিদ, মুন্সী আতিকুর রহমান ও তদন্ত-তদারক কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার রহুল আমিনের জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে হরকাতুল জিহাদের (হুজি) মাওলানা আবু তাহেরের আবেদন নাকচ করা হয়।গতকাল সাবেক স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, তিন আইজিপিসহ ১২ জনের পক্ষে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার বাদী মতিঝিল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শরীফ ফারুক আহমেদকে জেরা করা হয়। বাদীকে আরও ১০ আসামির পক্ষে জেরা করার জন্য সময়ের আবেদন করা হয়। আদালত ১৫ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।বাদী ছাড়া আগের অভিযোগপত্রের বাকি ৬০ জন সাক্ষীকে জেরা করার (রিকল) জন্য সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামিদের আবেদন নাকচ করে দেন আদালত। একই সঙ্গে আরেক আসামি বিএনপির সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ পলাতক নন মর্মে আইনজীবী রেজাউল করিম সরকারের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। ওই আবেদনে বলা হয়, কায়কোবাদ জাতীয় সংসদের স্পিকারের অনুমতি নিয়ে বিদেশে চিকিৎসার জন্য আছেন। তাই তাঁকে পলাতক দেখানোর সুযোগ নেই। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় সৈয়দ রেজাউর রহমানকে সহায়তা করেন আবুল কালাম ও আকরাম উদ্দিন। আসামিপক্ষে ছিলেন আবদুর রশিদ, সানাউল্লাহ মিয়া, আবদুর রাজ্জাক প্রমুখ আইনজীবী।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের শেখ হাসিনার সমাবেশে ওই গ্রেনেড হামলা হয়। এতে দলের ২২ জন নেতা-কর্মী নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ কয়েক শ নেতা-কর্মী।