পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র মামলায় সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং সেতু কর্তৃপক্ষের নদীশাসন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব কাজী মো. ফেরদাউস জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক তাঁদের জামিন মঞ্জুর করেন। আসামিদের আইনজীবী এহসানুল হক সমাজি আদালতকে বলেন, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়নি। এর মধ্যে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়নি বলে জানিয়েছেন। আসামিদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার চেষ্টা এবং ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগ আনা হয়েছে, তা এজাহারে নেই। জামিনের বিরোধিতা করে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন আদালতকে বলেন, এই দুই আসামি নিজ উদ্যোগে সেতু প্রকল্প বিষয়ে আহ্বায়ক কমিটি গঠন করে সিদ্ধান্ত নেন। এ ছাড়া আসামিরা একটি বিদেশি সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ নেওয়ার চেষ্টা করেন। পদ্মা সেতু প্রকল্প বিষয়ে তথ্য পাচারের অভিযোগ রয়েছে। আসামিদের দুর্নীতির কারণে পদ্মা সেতু বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বর্তমানে মামলার তদন্ত চলছে। এ পর্যায়ে আসামিরা জামিনে গেলে তদন্তকে প্রভাবিত করতে পারে। তাই জামিনের আবেদন নাকচ করে কারাগারে আটক রাখার আরজি জানান তিনি। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন।গত ২৬ ডিসেম্বর হাইকোর্ট থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার সময় ছবির হাটের সামনে থেকে দুদকের পরিচালক ও উইং কমান্ডার মো. তাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল তাঁদের গ্রেপ্তার করে। সেদিন সকালে ওই মামলায় জামিন নিতে গেলে হাইকোর্ট তাঁদের নিয়মিত বেঞ্চে আবেদন করতে বলেন।পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তদারকি কাজের পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে ১৭ ডিসেম্বর বনানী থানায় মামলা করে দুদক। এই মামলায় সাতজন আসামির চারজন বাংলাদেশি ও তিনজন বিদেশি।