আদালতে ভাঙচুরের ঘটনায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির নেতা বোরহানউদ্দিন, সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়াসহ ২৫ আইনজীবী ১৯ জুন পর্যন্ত জামিন পেয়েছেন।আজ রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলাম তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।গত বৃহস্পতিবার রাজধানীর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দ্রুত বিচার আইনে এ ২৫ আইনজীবীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।ওই দিনই এ মামলায় কামাল হোসেন, সিমকি ইমাম ও শামীমা আক্তার ছাড়া ২২ আইনজীবী ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। এ বিষয়ে আদালত ওই তিন আইনজীবীকে পলাতক দেখিয়ে আজ শুনানির দিন ধার্য করেছিলেন।এরই পরিপ্রেক্ষিতে আজ কামাল হোসেন, সিমকি ইমাম ও শামীমা আক্তার আদালতে আত্মসমর্পণ করেন। পরে এ তিনজনসহ মোট ২৫ জনের পক্ষে করা জামিন আবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয় এবং আদালত তা মঞ্জুর করেন।উল্লেখ্য, এ মামলার অভিযোগপত্রে বলা হয়, বিএনপি ও জামায়াত-সমর্থিত আইনজীবীরা গত ২২ মে সকাল থেকে রাজনৈতিক কারণে আদালত বর্জন করে কালো পতাকা, ব্যানারসহ আদালত প্রাঙ্গণ ও আশপাশে স্লোগান দিয়ে মিছিল করতে থাকেন। একপর্যায়ে তাঁরা মিছিল করে মহানগর দায়রা জজ আদালত ভবনে গিয়ে বিচারকদের দরজায় লাথি মারেন। মিছিলকারীরা ওই আদালতের নাজির ও প্রশাসনিক কর্মকর্তাদের কক্ষের জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় জেলা ও দায়রা জজ আদালতের তৃতীয় তলার স্টেনোগ্রাফারের অফিসের জানালাও ভাঙচুর করেন তাঁরা।জামিনপ্রাপ্ত অন্য আসামিরা হলেন বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মহসিন মিয়া, গোলাম মোস্তফা খান, খোরশেদ আলম, ইকবাল হোসেন, সাবেক সহসাধারণ সম্পাদক জালাল আহমেদ, দপ্তর সম্পাদক এরশাদুল আলম, সাবেক দপ্তর সম্পাদক আবদুল খালেক, ওমর ফারুক ফারুকী, আবদুন নুর ভূঁইয়া, নুরুজ্জামান, জুলফিকার আলী হায়দার, এম মাসুদ রানা, মো. মজিবুর রহমান, খন্দকার দিদারুল ইসলাম, দিদার, জ্যাকব, পাপ্পু, নুরুজ্জামান ও হেলাল উদ্দিন।