জামিন পেয়েছেন মুহাম্মদ ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস একটি মানহানির মামলা থেকে জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে তিনি জামিন প্রার্থনা করেন। এরই পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক রোজিনা খান শুনানি শেষে পাঁচ হাজার টাকার মুচলেকায় তাঁকে জামিন দেন। একই সঙ্গে ভবিষ্যতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার বিষয়ে করা আবেদনটিও আদালত মঞ্জুর করেন।উল্লেখ্য, ২০০৭ সালের ১৭ জানুয়ারি গ্রামীণ ব্যাংকের সদর দপ্তরে সংবাদ সংস্থা এএফপির সঙ্গে সাক্ষাত্কারে মুহাম্মদ ইউনূস মন্তব্য করেছিলেন, ‘বাংলাদেশের রাজনীতিকেরা কেবল অর্থের জন্য রাজনীতি করেন। এখানে আদর্শের কোনো ব্যাপারে নেই।’পরের দিন প্রথম আলো পত্রিকায় সংবাদটি প্রকাশিত হওয়ায় ময়মনসিংহের আইনজীবী নজরুল ইসলাম বাদী হয়ে ওই বছরের ২১ জানুয়ারি ১ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের কাছে মানহানির মামলা করেন।এ মামলায় বিচারবিভাগীয় তদন্ত করেন বিচারিক হাকিম জাহাঙ্গীর হোসেন।তদন্ত শেষে ২০১০ সালের ১৯ ডিসেম্বর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাবিবউল্লাহ এ মামলার অপরাধ আমলে নিয়ে আসামিকে আজ আদালতে হাজির হওয়ার সমন জারি করেছিলেন।মুহাম্মদ ইউনূসের পক্ষে আইনজীবী সৈয়দ কামরুজ্জামান মাহবুব, কামাল-উল আলম, এ এইচ এম খালেকুজ্জামানসহ প্রমুখ আর বাদী পক্ষে আইনজীবী গিয়াসউদ্দিন, এমদাদুল হক মিল্লাদ, মোয়াজ্জেম হোসেন, সাদিক হোসেন ও শিব্বির আহমেদসহ প্রমুখ মামলা পরিচালনা করেন।