জামিন পেয়েছেন সেই পিতা-পুত্র
চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা আবু তাহের ও তাঁর ছেলে আনিসুর রহমান গতকাল বুধবার চট্টগ্রামের আদালত থেকে জামিন পেয়েছেন। চট্টগ্রাম মহানগর হাকিম আজিজুল হক তাঁদের জামিন মঞ্জুর করেন। চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার একটি হত্যা মামলায় পুলিশ গত ২২ ফেব্রুয়ারি কচুয়া থেকে তাঁদের গ্রেপ্তার করে চট্টগ্রাম আনে। পরে তাঁদের পাঠানো হয় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে। পিতা-পুত্রের এটিই প্রথম চট্টগ্রামে আসা। ২ ফেব্রুয়ারি ডবলমুরিং থানার উলাপুকুরপাড়ের সারোয়ার হত্যা মামলায় রাজমিস্ত্রি তাহের ও তাঁর ছেলেকে গ্রেপ্তারের বিষয়ে ১০ এপ্রিল প্রথম আলোয় ‘গ্রেপ্তার হয়ে প্রথম চট্টগ্রাম দেখলেন পিতা-পুত্র’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কৌঁসুলিরা তাঁদের জামিনের আবেদন করেন। আদালত সূত্র জানায়, মামলার বাদী আবদুল বাতেন গতকাল আদালতকে জানান যে পুলিশ প্রকৃত আসামি না ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কচুয়া থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, তাঁর ছেলের (সারোয়ার) হত্যাকারীরা চট্টগ্রামে থাকেন। তাঁরা এখনো চট্টগ্রামে ঘুরে বেড়াচ্ছেন। কচুয়া থেকে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁদের তিনি চেনেন না। বাদীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত তাহের ও আনিসুরের জামিন মঞ্জুর করেন। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কৌঁসুলি মোহাম্মদ শরীফউদ্দিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ প্রকৃত আসামি না ধরে কচুয়া থেকে পিতা-পুত্রকে গ্রেপ্তার করে, যা বাদী নিজে আদালতকে বলেছেন।’ প্রসঙ্গত, কচুয়ার তাহের ও তাঁর ছেলেকে সারোয়ার হত্যা মামলায় গ্রেপ্তার করায় মামলার তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার গত সপ্তাহে এ পদক্ষেপ নেন।