শিশু পরাগ মণ্ডল অপহরণের মামলায় জামিন বাতিল হওয়া পাঁচ আসামির মধ্যে চারজন গতকাল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন। ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহীদুল ইসলাম আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।এই চার আসামি হলেন: যুবলীগের নেতা আমিনুল হক ওরফে জুয়েল মোল্লা, আলফাজ হোসেন, মামুন মিয়া ও আবুল কাশেম। জামিনপ্রাপ্ত অপর আসামি রিজভী আহমেদ অন্য একটি মামলায় কারাগারে আছেন। তাঁর পক্ষেও গতকাল আবার জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন এবং হাজতি পরোয়ানা জারির আদেশ দেন।গত মাসে ও চলতি মাসের বিভিন্ন সময়ে এ পাঁচ আসামি ঢাকার জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পান। এ ব্যাপারে ১২ ও ১৩ ফেব্রুয়ারি প্রথম আলোতে খবর প্রকাশিত হয়। এরপর এ নিয়ে ১৩ ফেব্রুয়ারি এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই পাঁচ আসামিকে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে জেলা ও দায়রা জজ এবং ওই আদালতের সরকারি কৌঁসুলিকে (পিপি) ২০ ফেব্রুয়ারি তলব করেন। এরপর গত রোববার ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল মজিদ ওই পাঁচ আসামির জামিন বাতিল করেন এবং তাঁদের ১৯ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বিচারিক হাকিম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।গত বছরের ১১ নভেম্বর সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে পরাগকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ সময় তার মা, বোন ও গাড়িচালককে গুলি করা হয়। এরপর ১৩ নভেম্বর রাত ১২টার দিকে কেরানীগঞ্জের আটিবাজারে অচেতন অবস্থায় পরাগকে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এই মামলায় পুলিশ ও র্যাব ১১ জনকে গ্রেপ্তার করে।