জামিন বাতিল হওয়া পাঁচজনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে শিশু পরাগ মণ্ডল অপহরণ মামলায় জামিন বাতিল হওয়া পাঁচ আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ২৪ ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে বলা হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। একই সঙ্গে আসামিদের জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল মজিদকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।জামিন বাতিল হওয়া ওই পাঁচ আসামি হলেন: যুবলীগের নেতা আমিনুল হক ওরফে জুয়েল মোল্লা, আলফাজ হোসেন, মামুন মিয়া, রিজভী আহমেদ ও আবুল কাশেম। গত জানুয়ারি ও চলতি মাসের বিভিন্ন সময়ে তাঁরা ঢাকার জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন নেন। এ নিয়ে ১২ ও ১৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।এসব প্রতিবেদন তুলে ধরে আসামিদের জামিন বাতিল চেয়ে জনৈক নাজিম আহমেদ ফৌজদারি কার্যবিধিতে হাইকোর্টে আবেদন করেন। শুনানি নিয়ে হাইকোর্ট ১৩ ফেব্রুয়ারি রুল জারি করেন। একই সঙ্গে ব্যাখ্যা জানাতে বিচারক আবদুল মজিদ ও আদালতের সরকারি কৌঁসুলি (জেলা পিপি) আবদুল মান্নানকে ২০ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।গত রোববার বিচারক আবদুল মজিদ ওই পাঁচ আসামির জামিন বাতিল করে তাঁদের ১৯ ফেব্রুয়ারি (আজ) সংশ্লিষ্ট বিচারিক হাকিম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। হাজির না হলে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে আদেশে বলা হয়।গতকাল রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বিষয়টি হাইকোর্টকে অবহিত করেন। পরে আদালত আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। পরে তিনি প্রথম আলোকে বলেন, পিপি আবদুল মান্নানের বিষয়ে আদেশ হয়নি। তাই তাঁকে ব্যাখ্যা দিতে হাজির হতে হবে।গত বছরের ১১ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ার বাড়ির অদূরে গাড়িতে ওঠার সময় পরাগকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ সময় তার মা, বোন ও গাড়িচালককে গুলি করা হয়। অপহরণের ৬৪ ঘণ্টা পর ১৩ নভেম্বর রাত ১২টার দিকে কেরানীগঞ্জের আঁটিবাজারে অচেতন অবস্থায় পরাগকে ফেলে রেখে যাওয়া হয়। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। ওই মামলায় পুলিশ ও র‌্যাব ১১ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ‘মূল পরিকল্পনাকারী’ মোক্তার হোসেন ওরফে আমিরকে ২৫ নভেম্বর টঙ্গী থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য চারজনের মধ্যে রয়েছেন কালা চান, মোহাম্মদ আলী রিফাত ও আল আমিন।