জামিন বাতিল হতেই পালালেন মোশাররফ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। এর পর আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যান সাবেক এই স্বৈরশাসক। এ মামলায় তিনি ছয় দিনের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর ৬০ জনেরও বেশি বিচারককে গৃহবন্দি করার অভিযোগে করা মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর শুনানিতে আজ বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হন মোশাররফ। দ্য ডন অনলাইনের খবরে বলা হয়, আদালত তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারের নির্দেশ দেন। আদালতে উপস্থিত পুলিশ তাঁর কাছে যাওয়ার চেষ্টা করে। তবে নিজের নিরাপত্তা বাহিনী পরিবেষ্টিত হয়ে আদালতের আঙিনা থেকে দ্রুত পালিয়ে যান মোশাররফ।প্রত্যক্ষদর্শীরা জানান, কালো রঙের গুলিরোধী গাড়িতে করে পালিয়ে নিজের বাসভবনে গেছেন মোশাররফ। পুলিশ জানায়, আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হবে।