জামিন বাতিলের দাবি সানাউল্লাহ নূরের স্ত্রীর
নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূর ওরফে বাবু হত্যা মামলার আসামিদের জামিন বাতিল করে জেলহাজতে আটক রাখার দাবি জানিয়েছেন নিহতের স্ত্রী মহুয়া নূর। জামিন নেওয়ার ক্ষেত্রে আসামিরা উচ্চ আদালতে ভুল তথ্য দিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি।আজ রোববার দুপুরে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহুয়া এ দাবি জানান।মহুয়া নূর অভিযোগ করেন, ‘আসামিরা প্রকাশ্যে সানাউল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। হত্যা করার দৃশ্য সাংবাদিকেরা ভিডিও ক্যামেরায় ধারণ করেছেন। এসব দৃশ্য বিভিন্ন সংবাদমাধ্যমে বহুবার প্রচার করা হয়েছে। এসব চিহ্নিত আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসে আমাকে ও আমার মামলার সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। সাক্ষীদের সাক্ষ্য না দেওয়ার হুমকি দিচ্ছে। এ অবস্থায় আমি ন্যায়বিচার পাব না বলে মনে করছি।’মহুয়া নূর আরও অভিযোগ করেন, মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক কে এম জাকির হোসেন ৮ মার্চ উচ্চ আদালতে অন্য নাম (মোল্লা মোহাম্মদ জাকির) উল্লেখ করে জামিন নিয়েছেন। তবে কে এম জাকির হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ৮ মার্চ জামিন নিইনি। আমি ৭ মার্চ চার মাসের অন্তর্বর্তী জামিন নিয়েছি। সেখানে আমার নাম সঠিকভাবে উল্লেখ করেছি। আমি বাদীকে বা তাঁর সাক্ষীকে কোনো হুমকি দিইনি।’এ সময় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ কাজী গোলাম মোর্শেদ, সহসভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী ও বড়াইগ্রাম উপজেলা যুবদলের সভাপতি ও সানাউল্লাহ হত্যা মামলার প্রধান সাক্ষী সরদার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।