জামিন শুনানির বিড়ম্বনা
আইনজীবী আর আসামি জামিনের দরখাস্ত শুনানির জন্য দিনের পর দিন সুপ্রিম কোর্টের বারান্দায় ট্রেন ধরা যাত্রীর মতো যেখানে অপেক্ষমাণ থাকেন, সেখানে একদিন ছিল আমার স্বেচ্ছায় নির্বাসন! তাহলে শুনুন, কেন জামিনের প্রার্থনা শুনানি না করে স্বেচ্ছায় খারিজের প্রার্থনা করেছি।আমার বন্ধু চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য। একটি ফৌজদারি মামলা পাঠিয়ে বলল, বাংলাদেশ সুপ্রিম কোর্টে জামিনের প্রার্থনা করতে হবে। মামলাটির কাগজপত্র দেখে এবং আসামি প্রথম অভিযুক্ত হওয়ায় মামলাটি গ্রহণ করলাম।আসামি দায়রা আদালত কর্তৃক জামিনের প্রার্থনা খারিজের বিরুদ্ধে মহামান্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জামিনের প্রার্থনায় ৩২৬২৬/২০১০ নম্বর ফৌজদারি বিবিধ মোকদ্দমা দায়ের করেন। তারপর শুরু হয় জামিন শুনানির যন্ত্রণা।মামলাটির প্রাথমিক শুনানিতে একটি দ্বৈত বেঞ্চ আসামিকে জামিন না দিয়ে সরকারের প্রতি রুল ইস্যু করেন। রুল ইস্যুর অর্থ হলো, সরকারকে কারণ দর্শানো—আসামিকে প্রার্থিতমতে কেন জামিন দেওয়া হবে না। আসামি এবার পড়ে গেলেন আরেক গ্যাঁড়াকলে। এবার কিছুটা আইনগত ঝামেলা পার করে মামলাটিকে মেনশনের (প্রাথমিক উপস্থাপন) মাধ্যমে আনা হলো একটি দ্বৈত বেঞ্চে দ্রুত শুনানির জন্য। কিন্তু বিধি বাম। দ্বৈত বেঞ্চটি গত ৯ জানুয়ারির আদেশে ৩০ জানুয়ারি মামলাটির শুনানির দিন ধার্য করেন। শুনানির লম্বা তারিখ পড়ায় মক্কেল একেবারে নাখোশ। বোঝালাম, ধার্য তারিখে শুনানি করতে পারলে বলতে হবে ভাগ্য অনেক ভালো। নির্ধারিত ৩০ জানুয়ারি শুনানির কার্যতালিকায় আমার মামলা ২৫৮ নম্বর আইটেমে (ক্রমিক নম্বর) ছিল। শুনানির কার্যতালিকাকে বলা হয় কজ লিস্ট। এর অর্থ হলো, প্রতিদিনের শুনানি-মামলার তালিকার বই। সরকারি খরচে বইটি প্রতিদিন বের হয়। আইনজীবীরা তাঁদের মামলার অবস্থান জানার জন্য কিনে নেন। পরীক্ষার খাতায় বেশি নম্বর পেলে পরীক্ষার্থী যেমন খুশি হয়, ঠিক তেমনি শুনানির কার্যতালিকায় বেশি নম্বরে মামলা থাকলে বিচারপ্রার্থী তেমন বেজার হন। কারণ, মামলার শুনানি শুরু হয় ১ নম্বর ক্রমিক থেকে। বিভিন্ন তারিখে আমার মামলার ক্রমিক নম্বর পড়ে ৩০ জানুয়ারি ২৫৮ নম্বর, ৩১ জানুয়ারি ৭৫ নম্বর, ১ ফেব্রুয়ারি ৭২ নম্বর, ১৩ ফেব্রুয়ারি ৫৬ নম্বর এবং ১৪ ফেব্রুয়ারিতে ৩৫ নম্বর। প্রতিদিন অনেক মামলা নিষ্পত্তি হলেও আমার মামলার ক্রমিক নম্বর যে হারে কমার কথা, সে হারে কমেনি। প্রতি শুনানির দিনে আমার মক্কেল মনে করেন, আজ মামলার শুনানি হবে, কিন্তু শুনানি হয় না। বিকেলে মক্কেল আদালত থেকে বের হন দুঃখ নিয়ে আর আমি অপারগতা। মাঝেমধ্যে দেখা যায়, অন্য মামলার চাপে আমার মামলা কার্যতালিকা থেকে হারিয়ে যায়।সুপ্রিম কোর্টের ১৪ ফেব্রুয়ারি দৈনিক কার্যতালিকায় আমার মামলা ৩৫ নম্বর আইটেমে। ধরেই নিই, নিশ্চয় আজ আমার মামলার শুনানি হবে। ঢাকা শহরের যানজট ঠেলে বহু কষ্টে সকাল সাড়ে ১০টার আগেই হাজির হলাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। যুদ্ধযাত্রার সেনাপতির মতো আমি মামলা শুনানি করতে প্রস্তুত। মাঝেমধ্যে ঝালিয়ে নিচ্ছি মামলার যুক্তিগুলো। আদালত কোনো কিছু জানতে চাওয়া মাত্রই যেন জবাব দেওয়া যায়। মক্কেল আমার পেছনে বসে আমাকে পাহারা দিচ্ছেন, আদৌ দায়িত্ব পালনে আমার কোনো অবহেলা আছে কি না। আদালতে প্রবেশ করে দেখি, সকাল থেকেই ফৌজদারি আপিলের রায়ের ডিকটেশন (নির্দেশনা)। দ্বিতীয় বিচারপতি নথির পাতা ওল্টাচ্ছেন আর ডিকটেশন দিয়ে যাচ্ছেন স্টেনোগ্রাফারকে বিরামহীনভাবে। প্রথম বিচারপতি পাশে বসে অলস সময় কাটাচ্ছেন। আদালতে বসে অলস সময় কাটানো খুব কঠিন। আমি রাত জাগা দারোয়ানের মতো আমার মামলা পাহারা দিচ্ছি। ঝিমানো বা ঘুমানোর অবকাশ নেই। কখন মামলার রায় শেষ হয়ে অন্যান্য আইনজীবীকে না পেয়ে আমার মামলার ডাক পড়ে, সে চিন্তায় অস্থির। আমাকে না পেলে আমার মামলা তালিকা থেকে বের হয়ে যাবে। একবার মামলা শুনানির কার্যতালিকা থেকে বের হয়ে গেলে আবার তালিকায় আনতে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। সময় আর অর্থের শ্রাদ্ধ। যে মামলা শুনানির জন্য দিনের পর দিন পাহারা দিচ্ছি, সে মামলা সরে যেতে এক মিনিট সময় লাগে না। আমি অলস মনে বসে শুধু ভাবছিলাম, মামলার রায়টির ডিকটেশন যদি চেম্বারে দেওয়া যেত; তাহলে প্রথম বিচারপতি সব আইটেমের মামলা শুনানি করতে পারলে আমার মামলাটিরও শুনানি হয়ে যেত। জামিনের মামলায় আইনের জটিলতা নেই বিধায় একক বেঞ্চে শুনানি করা যায় কি না, ভেবে দেখা দরকার। তাহলে অনেকগুলো একক বেঞ্চ করা যেত এবং মামলার শুনানি দ্রুত হতো। মামলার জট কমে যেত। মামলাগুলো যদি এক জায়গায় ফাইল করা যেত, তাহলে সময় অনেক বেঁচে যেত। অভিজ্ঞ ও গতিসম্পন্ন বেঞ্চকে যদি ফৌজদারি মামলা নিষ্পত্তি করার ক্ষমতা দেওয়া হতো, তাহলে আর বিচারপ্রার্থীদের কাঁথা-বালিশ নিয়ে আদালতের বারান্দায় আগাম জামিন শুনানির অপেক্ষায় থাকতে হতো না। যদি মেনশন স্লিপ (প্রাথমিক উল্লেখ) শুনানি না করে শুধু জমা দেওয়ার ব্যবস্থা থাকত, বিচারপতিরা এজলাসে উঠে যদি বলে দিতেন, কত আইটেম পর্যন্ত শুনানি করবেন; তাহলে আইনজীবী আর বিচারপ্রার্থীদের সারা দিন এজলাসকক্ষে বসে মামলা পাহারা দিয়ে বিকেলে অশ্রুভরা নয়নে ব্যর্থ হয়ে ফিরতে হতো না। ব্যবস্থাটি হলে বেঁচে যেত সময়। সুপ্রিম কোর্টে মামলা শুনানির পদ্ধতি খুব বেশি জটিল বলে মামলার জট পড়ে গেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে বিচারপ্রার্থীদের ঢাকায় আসতে হয় এবং মামলার জটের কারণে আবার ফিরে যেতে হয় বিধায় দাবি উঠেছে ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের অস্থায়ী বেঞ্চ গঠনের। বিচার বিভাগে মামলার জট আমাদের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমার মক্কেলের মতো হাজারো মক্কেল প্রতিদিন সুপ্রিম কোর্টে আসেন আর যান, কিন্তু মামলার শুনানি হয় না। মামলার জটকে গলার কাঁটা ভেবে আইনজীবী সমিতির প্রতিনিধিদের সহায়তায় বিশেষ গবেষণা কমিটি করে মামলার জট কমানোর একটা পথ বের করতেই হবে। চুপ করে থাকলে আমরা মামলার জটে তলিয়ে যাব। এসব ভাবতে ভাবতে বিকেলে দেখা গেল বেঞ্চ ৩৩ নম্বর আইটেম পর্যন্ত শুনানি করে আদেশ দিয়ে নেমে গেলেন। আমার মক্কেল আদালতকক্ষ থেকে বের হলেন কাঁদতে কাঁদতে। আর আমি বের হলাম ব্যর্থতা নিয়ে। মক্কেল আদালতের বারান্দায় আমার হাত ধরে বললেন, ‘আমার পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব নয়। এত দিন মামলা পাহারা না দিয়ে রাস্তায় ঝাল-মুড়ি বিক্রি করলেও কিছু টাকা-পয়সা কামানো যেত। সুপ্রিম কোর্টে আসার স্বাদ আমার মিটে গেছে। আপনি দয়া করে আদালতে বলবেন, আমার ভাইয়ের জামিনের প্রার্থনাটি যেন খারিজ করে দেন।’মক্কেল সুপ্রিম কোর্টের বর্ধিত ভবনের লম্বা বারান্দা দিয়ে চলে যাচ্ছেন। আর হয়তো কখনো আসবেন না সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ মাড়াতে। আমি তাঁর পেছনে তাকিয়ে দেখছি আর ভাবছি, বিলম্বিত বিচারব্যবস্থা জাতীয় অভিশাপ হলেও মুক্ত করার জন্য নেই পৃথক গবেষণা সেল। একমাত্র ভুক্তভোগীরা ব্যতীত আর কেউ ব্যথাটি বোঝাতে পারে না বলে মুক্ত করার জন্য কেউ এগিয়ে আসেন না। আমাদের বড় বেশি ফাটা কপাল। জোড়া লাগানোর কেউ নেই।লেখক সাবেক জেলা ও দায়রা জজ। আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।