জামিনদৃশ্য
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের পশ্চিম পাশ ঘেঁষেই গারদখানা। এখানে রাখা হয় অভিযুক্ত বন্দীদের। সিএমএম আদালতের সামনের রাস্তাটি গারদখানা হয়ে মিশেছে কোর্ট হাউস স্ট্রিটে। বিচারপ্রার্থী সাধারণের ভিড় সকাল থেকেই জমে ওঠে এ রাস্তায়। উৎকণ্ঠা আর অস্থিরতার সর্বোচ্চ ছাপ বয়ে বেড়ানো এ মানুষগুলো থাকে অনেকটাই দিশেহারা। কালো গাউন, টাই পরা বিচারক আর আইনজীবী ওদের প্রধান ভরসা। ফৌজদারি মামলায় ‘জামিন’ অপরিহার্য একটি অংশ। জমে ওঠা লোকজনের অধিকাংশ আসে স্বজনদের জামিনের জন্য। লোকজনের এ ভিড় দেখে মনে হয়, আদালতপাড়ায় জামিনের হাটবাজার বসেছে। অভিযুক্ত স্বজনটি জামিন পাবে কি না, কারও স্বজন মিথ্যা মামলায় জামিন না-মঞ্জুর হয়ে কারাগারে যাবে কি না, কারও বা তোড়জোর স্বজনকে জামিনে মুক্ত করার—এ যেন প্রতিদিনের দৃশ্য। এই ‘জামিন’ ঘিরেই ঘটে যায় নানা কাহিনি। আর এ কাহিনির জালে পড়ে দরিদ্র বোকা মানুষগুলো ছটফট করতে থাকে। দেখার যেন নেই কেউ। সাইনবোর্ডে ঝোলে ‘টাউট থেকে সাবধান’। অথচ কে-ই বা কখন পড়ল টাউটের খপ্পরে, কে হারাল সর্বস্ব, কেউ রাখে না খোঁজ। কখনো রক্ষক পুলিশেরও ভূমিকা ভক্ষকের এখানে। জামিন-দালাল, জামিন-পুলিশ, জামিন-উকিল—এই তিন সম্প্রদায়ের হাতে যেন জিম্মি এ পাড়া। আর এ ঘটনার মধ্যে বিচারপ্রার্থীরা প্রতিদিনই অল্প অল্প করে হারায় আস্থা। ভোগান্তির ডানায় ভর করে কেউ বা হাসে, কেউ বা কেঁদে কেঁদে ব্যর্থ হয়েই ফেরে। ২০ অক্টোবর প্রতিদিনের মতোই আদালতপাড়ার একটি দিন। অভিযুক্তদের নিয়ে বড় বড় ভ্যান আদালতের দিকে ছুটে আসে। ভ্যান থেকে নামিয়ে আসামিদের নেওয়া হয় গারদখানায়। তারপর অপেক্ষার পালা, কখন লালসালু ঘেরা এজলাসে বসা বিচারকের সামনে হাজির করা হবে। জামিন কি মঞ্জুর, না নামঞ্জুর...?একসূত্রাপুর থানায় অস্ত্র মামলায় আটক হয় ছেলে আগের রাতে। মা ও ছোট ছেলে খুব ভোরেই চলে আসে পাগলের মতো। থানা থেকে চালান করে দেওয়া হয়েছে ছেলেকে। সকালেই আদালতে ওঠানো হবে। উকিল ধরেছেন এক আত্মীয়ের মাধ্যমে। উকিল ধরে লাভ হয়নি, ছেলের জামিন দেননি বিচারক। গারদখানায় ফেরত নেওয়া হয়েছে। মা ও ভাইটা জাপটে ধরে ছেলেটাকে। পুলিশ টেনেহিঁচড়ে নিয়ে যায় গারদখানায় তাকে। পরবর্তী ভ্যানে জেলখানায় নিয়ে যাওয়া হবে। মা ও ছোট ভাইটা অপেক্ষা করতে থাকে। বাসা থেকে খুব ভোরে রান্না করে নিয়ে এসেছেন মা ছেলেটাকে খাওয়াবেন বলে। ‘গ’ আদ্যক্ষর নামের এক পুলিশ কর্মকর্তা টোকেন হাতে পায়চারি করছেন। আর কারও আত্মীয়স্বজন গারদখানায় কিছু পাঠাবে কি না, দেখা করবে কি না, জিজ্ঞেস করছেন। টোকেনে লিখছেন আর বিনিময়ে ২০০-৩০০ টাকা, যার কাছ থেকে যেমন নিতে পারছেন, নিচ্ছেন। যথারীতি ওই মায়ের কাছ থেকেও ২০০ টাকা নিয়ে ছেলের নাম লিখে খাবারের বক্সটি নিয়ে ভেতরে গেলেন । ১০ মিনিটও পার হয়নি, বক্সটি নিয়ে ফেরত আসলেন, বললেন, আপনার ছেলেকে নিয়ে গেছে। পাওয়া যায়নি। বলেই চলেন গেল অন্যদিকে। ছেলেকে না খাওয়াতে পারার ব্যথার ছায়া স্পষ্ট ফুটে উঠল মায়ের মুখে। জিজ্ঞেস করতেই বলে উঠলেন, ‘আমার ছেলের কাছেই বক্সটি নিয়ে যায়নি পুলিশ। এমনিতেই নিয়া আসছে। আমার ছেলেকে এখনো গারদখানা থেকে পাঠানো হয়নি। ওই পুলিশ মাঝখান থাইকা টাকাটা নিয়া গেল...।’দুইগারদখানায় আটক এক মেয়ে। মা ছুটে এসেছেন মেয়েকে জামিন করাতে। বৃদ্ধা মা গারদখানার দেয়ালে হেলান দিয়ে কথা বলছিলেন এক আইনজীবীর সঙ্গে। খুব মনোযোগ দিয়ে শুনলাম, আইনজীবী বলছেন, খুনের মামলার আসামি ২০ হাজার টাকার নিচে জামিন করানো যাবে না।বৃদ্ধা: কেমনে দিমু এত টাকা? এখন টাকা তো নাই।আইনজীবী: সব ব্যবস্থা করছি। আপনি রোববারে আসেন।বৃদ্ধা: রোববারে তো আমার টাকা আসবে না।আইনজীবী: ঠিক আছে, আমি নিজের টাকা খরচ করে দেব। আপনি কিন্তু অবশ্যই আসবেন।বৃদ্ধা: স্যার, সোমবারে জামিন করেন।আইনজীবী: টাকা ঠিকমতো দিলে জামিন হইব, নইলে কিন্তু হবে না, বুঝলা?বৃদ্ধাটি চলে গেলেন। আইনজীবীকেও আর বেশিক্ষণ দেখা গেল না।তিনপালিয়ে বিয়ে করেছে দুজন। মেয়েটির বাবা ছেলেটির বিরুদ্ধে অপহরণ মামলা ঠুকে দেন। ছেলেটি গ্রেপ্তার হয়। কোর্টে চালান দেওয়া হয়। ছেলেটির পরিবারের কেউ আসেনি, ছেলেটির ওপর রাগ করে। তার দুই বন্ধু এসেছে জামিন করাতে। এখন জামিন কীভাবে করাবে, এর জন্য ছুটোছুটি করছে। দেখা মেলে এক দালালের। দালাল বলে, এ ঘটনার জমিনের গ্যারান্টি আছে। শত শত জামিন হচ্ছে। এটা কোনো বিষয়ই নয়। ওই দালাল দাবি করে ১০ হাজার টাকা। ভালো উকিল ধরিয়ে জামিন করিয়ে দেবে। ছেলেগুলো বলল, এ মুহূর্তে এত টাকা নেই, তিন হাজার টাকা আছে। দালালকে পুরোটাই দিল। দালাল তাদের নিয়ে আদালতের দিকে ছুটল। আর জানা হলো না ওই দালাল কার মাধ্যমে কী করে জামিন করাল, কিংবা করাতে পারল কি না, নাকি আর দশটা ঘটনার মতো ওই ছেলেগুলো দালালদের দ্বারা প্রতারিত হলো।চারঢাকার আবাসিক এলাকা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক হয় খদ্দেরসহ কয়েকজন যৌনকর্মী। গারদখানায় আনা হয় তাদের। যেসব ছেলেকে আটক করা হয়, বেশভূষায় প্রমাণ মেলে, এরা ধনীর দুলাল। এর মধ্যেই সাদা দুটি জিপে করে ছেলেগুলোর আত্মীয়রা এসে হাজির। ছেলেদের জামিন যেকোনো মূল্যে করতেই হবে। সুপ্রিম কোর্টের কোনো এক বড় আইনজীবীকে লাখ টাকার বিনিময়ে নিয়ে এসেছেন জামিন করাতে। ওই বিজ্ঞ আইনজীবীর জুনিয়ররা ব্যস্ত হয়ে পড়লেন জামিনের আবেদন প্রস্তুত করতে। এদিকে দরিদ্র যৌনকর্মীগুলোর চোখেমুখে আতঙ্ক। কে করাবে তাদের জামিন, কে লড়বে তাদের পক্ষে? পেটের দায়ে এ কাজে এসে কতবারই বা জেলে যেতে হয়েছে। খুঁজতে থাকলাম ওই মেয়েগুলোর পক্ষে কে তদবির করতে এসেছে। যতক্ষণ গারদখানার সামনে ছিলাম, ততক্ষণে কাউকে দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা গেল, এ ধরনের ঘটনায় হোটেলের কর্তৃপক্ষই আসে এবং আইনজীবীও নির্ধারিত থাকে তাদের জামিনের জন্য। আরও জানা গেল, এ ঘটনাগুলোকে আদালত জরিমানা দিয়ে তাৎক্ষণিক মুক্তি দিতে পারেন। তবে ওই দিনের ঘটনায় আটক ছয় তরুণীর ভাগ্যে কী ঘটল, তা আর জানা গেল না।পাঁচগারদখানায় ঢুকতে পারেন সংশ্লিষ্ট মামলার আইনজীবী, যিনি অভিযুক্তের পক্ষে লড়বেন। ওকালতনামায় অভিযুক্তের স্বাক্ষর লাগে। অনেক সময় আইনজীবীদের যাওয়া লাগে না। পুলিশকে ম্যানেজ করতে পারলে ওই পুলিশই করে দেয় কাজ। এর জন্য দিতে হয় নগদ বখশিশ। এর বাইরে দেখা করতে গেলে, কথা বলতে গেলে নির্ধারিত বখশিশ লাগে। যাদের জামিন হয়নি, তাদের পুলিশের ভ্যানে গাদাগাদি করে ওঠানো হয়। এক পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম, কয়জন ওঠার ক্ষমতা আছে এ ভ্যানে? বললেন, ৪০ জন। কয়জন ওঠান? ৭০ থেকে ৮০ জন। ভ্যানের ওপরের অংশে গ্রিল ধরে বাইরের পৃথিবীতে তাকিয়ে থাকে বন্দীরা। গাড়ি ছুটে চলে। পেছন পেছন দৌড়ায় অনেক চেষ্টা-তদবির করে বিফল হওয়া স্বজনেরা। অল্প অল্প কথাগুলো সেরে নেয়। হঠাৎ নজর পড়ল এক বৃদ্ধের দিকে। লোকটি কাঁধে ঝোলানো গামছা দিয়ে বারবার চোখ মুছছেন। জানা গেল, তাঁর ছেলের জামিন হয়নি। জামিনের জন্য দালালকে টাকা দিয়েছেন, উকিলকে টাকা দিয়েছেন, কোর্টের পিয়ন-পেশকারকে টাকা দিয়েছেন। পুলিশকে দিয়েছেন এর চেয়ে বেশি টাকা। সবাই আশ্বাস দিয়েছিলেন, ছেলেটার জামিন হবেই। জামিন হলো না। ভ্যানে করে একটু আগেই নিয়ে যাওয়া হয়েছে কেন্দ্রীয় কারাগারে।হঠাৎ শোরগোল শুরু হলো। পুলিশ কর্মকর্তারা গারদখানার সামনে থেকে লোকজনকে সরাতে লাগলেন। দালালরা দ্রুত পালাতে লাগল। শোনা গেল, প্রধান বিচারপতি মহোদয় হঠাৎ করেই আদালত পরিদর্শনে এসেছেন। এ জন্যই এত সতর্কতা। এক পুলিশ সদস্য জোরে জোরে বলতে লাগলেন, ‘বিচারপতি আইছেন, বিচারপতি আইছেন, উল্টাপাল্টা দেখলে চাকরি নট।’ এ কথা শুনে এক মহিলা বলে উঠলেন, ‘প্রধান বিচারপতি আইলে আমাগো কী লাভ? উনি কি আর আমাগো লগে কথা কইবেন? কইবেন তো জজ-ব্যারিস্টারগো লগে। আমগের মতন গরিব, অসহায় মানুষগুলোর কথা শুনার টাইম কি উনার আছে...?’ই-মেইল: [email protected]