রাজধানীর রমনা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইসহাক হত্যা মামলায় জামিনে থাকা আবদুর রহিমকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ডিবির অতিরিক্ত উপকমিশনার এস মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, রহিম আজ মালয়েশিয়া থেকে বিমানে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে তাঁকে আটক করা হয় এবং গুমের অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ইসহাক হত্যায় জড়িত অভিযোগে এর আগে ডিবি পুলিশ কাজী বায়েজিদ, নাজিমউদ্দিন ও উজ্জ্বল নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে।গত ১ জানুয়ারি শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম শেওড়াপাড়ার ৫৪৯/এ, শামীম সরণির রানীলয় ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে হাত-পা শেকল দিয়ে তালাবদ্ধ এবং নাক-মুখে স্কচটেপ লাগানো অবস্থায় ইসহাকের গলিত লাশ অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করে পুলিশ। ২০ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। লাশ শনাক্ত করার পর তাঁর ভাই মোহাম্মদ শোয়াইব বাদী হয়ে অপহরণের পর হত্যার অভিযোগে থানায় মামলা করেন।ডিবি জানায়, এ হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া বায়েজিদসহ অন্যদের জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হওয়া গেছে, চট্টগ্রামে একটি লবণ কারখানার মালিকানা নিয়ে ইসহাকের চাচাতো ভাই রহিমের সঙ্গে আরেক আত্মীয়ের বিরোধ হয়। এ বিরোধ মেটাতে ইসহাক মধ্যস্থতা করেন। এতে রহিম অসন্তুষ্ট হন এবং প্রতিশোধপরায়ণ হয়ে তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নাজিমউদ্দিনসহ কয়েকজনকে নিয়ে তাঁকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বায়েজিদের ভগ্নিপতি একরাম খানকে। পরিকল্পনা অনুসারে একরাম পরিচয় গোপন রেখে শেওড়াপাড়ার শামীম সরণির ওই বাসা ভাড়া নেন। এরপর মিলাদ পড়ানোর নাম করে ইসহাককে ওই বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয়। ঘটনার পর রহিম মালয়েশিয়ায় পালিয়ে যান। পরে দেশে ফিরে তিনি এ হত্যা মামলায় জামিন নেন।মামলার তদন্ত সূত্র জানায়, বায়েজিদ আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছিলেন, মালয়েশিয়া-প্রবাসী রহিমের পরিকল্পনা ও নির্দেশে তাঁর ভগ্নিপতি একরাম, নাজিমউদ্দিনসহ অন্যরা মিলে হাত-পায়ে শেকল বেঁধে ও মুখে স্কচটেপ লাগিয়ে ইসহাককে শ্বাসরোধে হত্যা করেন।