জামিনে ব্যাপক অনিয়ম
বাংলাদেশের সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথমবারের মতো মামলা ব্যবস্থাপনা বিষয়ে তদন্তে আগাম জামিন ও দণ্ডিত অপরাধীদের গণজামিন দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম উদ্ঘাটিত হয়েছে। জানুয়ারির শুরুতে বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে ২৭২টি সইবিহীন আগাম জামিনের আদেশ পাওয়া গেছে। গত ২৩ ও ২৪ নভেম্বর এসব জামিন আদেশ দেওয়া হয়েছিল।বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি এ কে এম ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত দুই সদস্যের কমিটি গত ২১ জানুয়ারি সদ্যসাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন পেশ করে। প্রধান বিচারপতি এরপর প্রতিবেদনটি আপিল বিভাগের বিচারপতিদের কাছে পর্যায়ক্রমে প্রেরণ করেন। সব শেষে তিনি এটি নবনিযুক্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের কাছে হস্তান্তর করেন বলে জানা যায়। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন সম্পর্কে মন্তব্য চাওয়া হলে সদ্যসাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সময়ের স্বল্পতার কারণে আমি তদন্তের প্রক্রিয়া শেষ করে আসতে পারিনি। এটা এখন আমার উত্তরসূরি দেখছেন।’ তিনি তদন্ত প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে কোনো বক্তব্য দেননি।দায়িত্বশীল সূত্রগুলোর মতে, তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত ১৮ নভেম্বর জামিন দেওয়া হয়েছে এমন ৩৫টি মামলার নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। বিচারপতি আবদুর রহমানের জ্যেষ্ঠ বেঞ্চ কর্মকর্তা প্রদীপ কুমার দাস ও তাঁর সহকারী বেঞ্চ কর্মকর্তা রেজা মাহমুদ, বিচারপতি আজাদের বেঞ্চ কর্মকর্তা তানভীর আহমেদ, সহকারী বেঞ্চ কর্মকর্তা মনিরুজ্জামান তদন্ত কমিটির কাছে আলাদাভাবে লিখিত জবানবন্দি দিয়েছেন।সূত্রমতে, তাঁদের বক্তব্যে দেখা যায়, ১৮ ও ১৯ নভেম্বর ৭০টি আপিল মামলায় দেওয়া জামিনের ক্ষেত্রে এখনো ওই দুই বিচারপতি আদেশ লেখেননি বা ডিকটেশন দেননি। গত ৫ ও ৬ জানুয়ারি দেওয়া ৯০টি আগাম জামিনের (মোশন) আদেশ টাইপের অপেক্ষায় আছে। এ ছাড়া গত মাসের প্রথম সপ্তাহে দেওয়া আরও ১১৬টি আগাম জামিনের আদেশ টাইপ হয়নি। অথচ ৭ ডিসেম্বর মাত্র এক দিনে সর্বমোট ১৮৭টি নথিতে আদেশ প্রদান ও টাইপ করার নজিরও আছে। বিচারপতি আবদুর রহমানের জ্যেষ্ঠ বেঞ্চ কর্মকর্তা প্রদীপ তাঁর লিখিত জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। জানা যায়, জামিন বা স্থগিতাদেশের সময়সীমা বর্ধনসংক্রান্ত নথি তিনিই সামলাতেন। কিন্তু তিনি বাস্তবে দৈনিক কার্যতালিকায় উল্লিখিত প্রতিটি নথি আদালতে উপস্থাপন করতেন না। কারণ, বিচারপতিদের কাছ থেকে তিনি একক আদেশ পেতেন। এভাবে মামলা ভিন্ন হওয়া সত্ত্বেও একটিমাত্র আদেশে সব মামলার জামিনের ও স্থগিতাদেশের সময়সীমা পাইকারি হারে বর্ধিত করা হতো। যেমন, গত ৫ নভেম্বর একক আদেশে ৩২টি আপিল গৃহীত হয়। তদন্ত কমিটির ওই প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারের দপ্তর কঠোর গোপনীয়তা পালন করছে। তারা এর অনুলিপি দেখাতে অপারগতা জানিয়েছে। তদন্ত প্রতিবেদন চান অ্যাটর্নি জেনারেল: অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম প্রথম আলোকে বলেন, তিনি তদন্ত প্রতিবেদন চেয়ে ৪ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি বরাবর দরখাস্ত দিয়েছেন। তিনি মনে করেন, এই তদন্ত প্রতিবেদনের বিষয়বস্তু জানার অধিকার জনগণের রয়েছে। অ্যাটর্নি জেনারেল এ ব্যাপারে সাড়া পাননি। তবে নতুন প্রধান বিচারপতির কাছেও এ ধরনের আবেদন করবেন বলে জানিয়েছেন। আপনি কি সংশ্লিষ্ট দুই বিচারকের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের অনুরোধ জানাবেন? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি তদন্ত প্রতিবেদনের কপি পাওয়ার চেষ্টা চালিয়ে যাব। তবে যেভাবে গণজামিন দেওয়া হয়েছে, তা ভয়াবহ বলে মনে হয়।’ তিনি হাইকোর্ট থেকে নিম্ন আদালত পর্যন্ত শুদ্ধি অভিযান চালানো দরকার বলে মত দিয়ে বলেন, ‘শুধু যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপরাধীদের জামিন দেওয়া হয়েছে, তা নয়, আমার দপ্তরের আইন কর্মকর্তারা ফাইলই খুঁজে পাচ্ছেন না। মনে হয়, আদালতের আমলাদের ব্যবহার করা হয়েছে। সম্ভবত কারও ইঙ্গিতে ফাইল সরিয়ে ফেলা হয়েছে।’ উল্লেখ্য, গত ২ ডিসেম্বর প্রথম আলোতে ‘খুনের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অপরাধীদের গণহারে জামিন!’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। এদিন আলোচ্য বেঞ্চে প্রথম আলো সম্পর্কে কটাক্ষ করা হয়েছিল বলে আইনজীবীরা জানিয়েছিলেন। সরকারের আইন কর্মকর্তারা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের জামিন-তালিকা তৈরির যে উদ্যোগ গত ডিসেম্বরে নিয়েছিলেন, তা সফল হয়নি। কারণ তাঁরা সব ফাইলের সন্ধান পাননি। নিয়ন্ত্রণহীন: গত বছরের মধ্য অক্টোবর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত অন্তত সাড়ে আট হাজার জামিনের আবেদন ওই বেঞ্চে তালিকাভুক্ত হয় বলে জানা গেছে। ওই একই সময়ে সম-এখতিয়ারসম্পন্ন হাইকোর্টের অন্য বেঞ্চগুলোতে এ ধরনের মামলাস্ফীতি দেখা যায়নি। তদন্ত কমিটি এ ক্ষেত্রে বিশৃঙ্খলা প্রত্যক্ষ করেন বলে জানা যায়। এ বেঞ্চ প্রতিদিন অন্যান্য বিষয়ের অতিরিক্ত সর্বনিম্ন ৬০০টি ও সর্বোচ্চ এক হাজার ১৪২টি পর্যন্ত মামলা জামিনের বা স্থগিতাদেশের সময়সীমা বর্ধিত করার জন্য তালিকাভুক্ত করেছেন। সূত্রগুলোর মতে, হাইকোর্টের বিচারকের বিরুদ্ধে হাইকোর্টের বিচারক তদন্ত করতে পারেন না এবং প্রধান বিচারপতি শুধু ‘কর্মকর্তাদের ভূমিকা’ চিহ্নিত করার এখতিয়ার কমিটিকে দিয়েছিল—এ কারণে তদন্ত প্রতিবেদনে ওই দুই বিচারক সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য নেই বলে জানা যায়। তবে বিচারপতি আনোয়ার উল হক ও বিচারপতি এ কে এম ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত দুই সদস্যের কমিটি ওই বেঞ্চসংশ্লিষ্ট ছয় কর্মকর্তার কাছ থেকে যে লিখিত জবানবন্দি গ্রহণ করেছেন, তা বিশ্লেষণে ওই দুই বিচারপতির অনিয়মসংশ্লিষ্টতা অবিচ্ছেদ্য বলেই প্রতীয়মান হয়। সূত্রগুলোর মতে, কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে তদন্ত কমিটি লিখেছে, এই বেঞ্চটি শুরু থেকেই অন্তর্বর্তীকালীন প্রতিকারের দিকে অর্থাত্ পূর্ণাঙ্গ শুনানি না করে তাত্ক্ষণিক জামিন আদেশ প্রদানে মারাত্মক ঝোঁক দেখান। এর পরিণতিতে একটি ‘নিয়ন্ত্রণহীন’ অবস্থার সৃষ্টি হয়।উল্লেখ্য, সদ্যসাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম দায়িত্ব নিয়েই হাইকোর্টের ওই বেঞ্চটি ভেঙে দেন। বর্তমানে বিচারপতি এ এফ এম আবদুর রহমান একক বেঞ্চে অ্যাডমিরালটি-বিষয়ক আবেদন শোনেন। অন্যদিকে বিচারপতি ইমদাদুল হক আজাদ বর্তমানে বিচারপতি এ কে এম ফজলুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চের কনিষ্ঠ বিচারক হিসেবে রয়েছেন। তিনি আগের মতোই ফৌজদারি মোশনে জামিনবিষয়ক আদেশে অংশ নিতে পারছেন। এই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম ফজলুর রহমানই ওই তদন্ত কমিটির অন্যতম সদস্য।বিচারপতি আবদুর রহমান ২০০৩ সালে ও বিচারপতি আজাদ ২০০৪ সালে বিচারক নিযুক্ত হন। তাঁদের স্বাভাবিক অবসর নেওয়ার তারিখ যথাক্রমে ২০১৮ ও ২০২৩।নৈরাজ্য: দায়িত্বশীল সূত্রগুলো বলেছে, তদন্ত কমিটি আলোচ্য বেঞ্চের মামলা নিষ্পত্তির সংখ্যা, নথি সংরক্ষণ ও শাখায় প্রেরণের ক্ষেত্রে বেঞ্চ কর্মকর্তাদের ভূমিকা চিহ্নিত করতে গিয়ে যেসব তথ্য পান, তাতে মনে হয়, ওই আদালতটি ভেঙে দেওয়ার আগ পর্যন্ত সেখানে একটা নৈরাজ্য চলছিল। প্রতিষ্ঠিত রেওয়াজ হলো, কোনো দিনের অসমাপ্ত মোশন পরের দিন ‘ইনরি’ হিসেবে দৈনিক কার্যতালিকায় মুদ্রিত হওয়া। কিন্তু বেঞ্চ কর্মকর্তারা এখানে খেয়ালমতো চলেন। তালিকায় না ছাপিয়ে হাত তালিকায় অন্তর্ভুক্তির মাধ্যমে ওই বিষয় নিয়ন্ত্রণ করা হয় বলে তদন্ত কমিটি দেখতে পায়। আওয়ামী লীগের সাংসদ আইনজীবী নুরুল ইসলাম গত ২৩ নভেম্বর প্রকাশ্য আদালতে বেঞ্চ কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন। ওই সময় প্রবীণ আইনজীবী এ বি এম নুরুল ইসলাম জানান, একটি মামলায় তাঁর মক্কেলের কাছ থেকে ৬০ হাজার টাকা ঘুষ নেওয়া হয়েছে। তবু তদন্তের উদ্যোগ নেননি ওই দুই বিচারক। এখন জানা যাচ্ছে, তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে, দৈনিক কার্যতালিকায় ক্রমিক ভেঙে নতুন মামলার আবেদনের ব্যাপকভিত্তিক অনুপ্রবেশ ঘটেছে। জামিনের আদেশ দেওয়ার পর শাখায় নথি প্রেরণেও কর্মকর্তারা স্বেচ্ছাচারিতার পরিচয় দেন। অ্যাডভোকেট অন রেকর্ডস সুফিয়া খাতুন ওই বেঞ্চের দেওয়া অর্ধশতাধিক জামিন আদেশের বিরুদ্ধে আপিল করেছেন। তিনি এক প্রশ্নের জবাবে স্থগিতাদেশ চাইতে গিয়ে নথি পেতে অভাবনীয় বিড়ম্বনার শিকার হন বলে স্বীকার করেন। ধামাচাপার চেষ্টা: বিচারপতি আনোয়ার উল হক ও বিচারপতি এ কে এম ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত দুই সদস্যের কমিটি গত ২১ জানুয়ারি প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন বলে জানা যায়। প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, সন্দেহাতীতভাবে এবং কাগজে-কলমে এত বড় দুর্নীতির প্রমাণ পাওয়ার পরও এখন সংশ্লিষ্ট দুই বিচারকের বিষয়ে ব্যবস্থা না নিয়ে শুধু বেঞ্চ কর্মকর্তাদের বিরুদ্ধে নামকাওয়াস্তে ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে বিষয়টির ইতি ঘটানোর চেষ্টা চলছে। বেঞ্চ কর্মকর্তাদের অনেকে বিষয়টি সাংগঠনিকভাবে মোকাবিলার চেষ্টা করছেন। তাঁদের কয়েকজন এ সপ্তাহে অ্যাটর্নি জেনারেলের কাছে ক্ষমা চাইতে যান। কিন্তু অ্যাটর্নি জেনারেল তাঁদের বলেন, ব্যক্তিগতভাবে কারও বিরুদ্ধে তো তাঁর কোনো অভিযোগ নেই। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ৭ ফেব্রুয়ারি সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলামের বিদায় সংবর্ধনায় দেওয়া লিখিত বক্তব্যে বলেন, ‘আদালতের অব্যবস্থা ও আমলাদের দুর্নীতির বিষয়ে আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন। আমার একান্ত অনুরোধ, সেই তদন্ত প্রতিবেদনটি যেন কোনোভাবেই চাপা না পড়ে যায় এবং সে পরিপ্রেক্ষিতে যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।’ এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। নেপথ্যে: সদ্যসাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম গত ৫ জানুয়ারি বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি এ কে এম ফজলুর রহমানের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন। জানা যায়, এ কমিটি গঠনের শুরুতেই দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় কার্যপরিধিসহ কিছু বিষয় নির্ধারণ নিয়ে। প্রথমে এই কমিটির সদস্যসচিব করা হয়েছিল রেজিস্ট্রার মো. শওকত হোসেনকে। তিনি প্রশ্নের জবাবে বুধবার বলেন, ‘আমাকে এই কমিটির সদস্যসচিব করা হলেও পরে সে দায়িত্ব একজন অতিরিক্ত রেজিস্ট্রারকে দেওয়া হয়।’ তদন্ত প্রতিবেদন সম্পর্কে তাঁর জানা নেই বলে মন্তব্য করেন তিনি। সংশ্লিষ্ট অতিরিক্ত রেজিস্ট্রার শহিদুল ইসলাম আজামী বলেন, তিনি তাঁর সীমিত দায়িত্ব পালন করেছেন। কিন্তু তদন্ত প্রতিবেদন সম্পর্কে তাঁর কিছু জানা নেই। অনুসন্ধানে জানা যায়, সদ্যসাবেক প্রধান বিচারপতি মৌখিকভাবে তদন্তের বিষয়বস্তু ও পরিধি নির্ধারণ করেন। বিচারপতি শেখ রেজোয়ান আলীর নেতৃত্বাধীন কমিটিই ২৭২টি আগাম জামিনের নথি আদেশবিহীন অবস্থায় বেঞ্চ কর্মকর্তা প্রদীপ কুমার দাসের কাছে পেয়ে তালিকা তৈরির জন্য তা সংরক্ষণ করেন। ১০ জানুয়ারি বিচারপতি শেখ রেজোয়ান আলী ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর তাঁর পরিবর্তে বিচারপতি আনোয়ার উল হককে কমিটির প্রধান করা হয়। এক প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ ও সম্পাদক শ ম রেজাউল করিম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদনের বিষয় সম্পর্কে তাঁরা কিছু জানেন না। তবে এ ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে তাঁরা অ্যাটর্নি জেনারেলের মনোভাবকে সমর্থন করেন।প্রদীপ কুমারের কথা: বিচারপতি আবদুর রহমানের জ্যেষ্ঠ বেঞ্চ কর্মকর্তা প্রদীপ কুমার দাস ১২ ফেব্রুয়ারি টেলিফোনে এ প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে বলেন, ‘গত ৭ জানুয়ারি বিচারপতি শেখ রেজোয়ান আলী নিজেই ১১ নম্বর আদালতে এসেছিলেন। তিনি আমার কাছ থেকে ২৭৪টি সইবিহীন জামিনাদেশ নিয়ে যান। চার-পাঁচ দিন পর তা ফেরত দেন।’ তাঁর দাবি, এখন আর কোনো আদেশই অনিষ্পন্ন নেই। তিনি বলেন, ‘সব সই ও টাইপ করা হয়ে গেছে। ৩৫টি ফাইল নিখোঁজ হয়নি। আসলে তদন্ত কমিটি সময় দেননি বলে আমরা তা দিতে পারিনি। এখন তা পেয়েছি এবং সংশ্লিষ্ট শাখায় তা ফেরত দিয়েছি।’ ঘুষ নেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। কিছু অনিয়মের কথা তিনি স্বীকার করে বলেন, ‘মাননীয় বিচারপতিদের নির্দেশক্রমে আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র।’৩৮ সেকেন্ডে একটি আদেশ: তদন্ত কমিটির পাওয়া তথ্যমতে, গত বছরের ৩ নভেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ১৩ কার্যদিবসে মোট এক হাজার ৩৭২টি আগাম জামিন এবং একই সময়ে নিম্ন আদালতে হাজিরাসহ অন্য ধরনের মোট ৬৮৯টি আদেশ দেওয়া হয়। দুপুরে ৪৫ মিনিটের বিরতি বাদ দিলে সকাল সোয়া ১০টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত আদালতের স্বাভাবিক কর্মঘণ্টা দাঁড়ায় পাঁচ ঘণ্টা বা ৩০০ মিনিট। এর মধ্যে দিনের শুরুতেই পরদিনের কার্যতালিকায় উল্লিখিত হওয়ার আবেদনপত্র পেশ ও তা বিবেচনায় ৪০ মিনিট থেকে এক ঘণ্টা ব্যয় হয়। সেই হিসাবে গড়ে প্রতিদিন আড়াই শ মিনিট কর্মঘণ্টা ধরে প্রথম আলো একটি গড়ভিত্তিক সারণি তৈরি করেছে। এতে দেখা যায়, ওই সময়ে আড়াই মিনিটে একটি আগাম জামিন এবং আগাম জামিনসহ মোট আদেশ ঘোষণা করা হয়েছে গড়ে দেড় মিনিটে একটি। এর মধ্যে গত ১৩ ডিসেম্বর ২৫০ মিনিটে অর্থাত্ এক কার্যদিবসে একটি এবং ২৪ নভেম্বর এক মিনিটে একটি আগাম জামিন আদেশ দেওয়া হয়। এ দিনই সর্বোচ্চ ২৪৮টি আগাম জামিন ও ১৪৫টিতে আসামিদের নিম্ন আদালতে হাজির হতে নির্দেশনা দেওয়া হয়। এর ফলে এদিন গড়ে প্রতি ৩৮ সেকেন্ডে একটি আদেশ দেন ওই বেঞ্চ।উল্লেখ্য, চাঞ্চল্যকর খুন, মাদক চোরাচালান এমনকি ধর্ষণ করে হত্যার দায়ে অভিযুক্ত আসামিকেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আগাম জামিন দেওয়া হয়। আগাম জামিন আদালতের একটি বিশেষ এখতিয়ার, যার প্রয়োগ ব্যতিক্রম ক্ষেত্রেই প্রযোজ্য বলে আপিল বিভাগের রায় আছে। মন্তব্য চাওয়া হলে আইনবিদ শাহ্দীন মালিক গতকাল বলেন, ‘প্রচলিত আইনে আগাম জামিনের কথা বলা নেই। এটা মঞ্জুর হয়ে থাকে যখন হাইকোর্টের কাছে প্রতীয়মান হয় যে নিম্ন আদালত পক্ষপাতদুষ্ট বা প্রভাবান্বিত হতে পারে। এভাবে অল্প সময়ে এত বেশিসংখ্যক মামলায় আগাম জামিনের এখতিয়ার প্রয়োগের কথা আমরা আগে কখনো শুনিনি।’