জামিনে মুক্তি পেলেন কাতাদা
দীর্ঘদিন পর যুক্তরাজ্যের ওরচেস্টারশায়ারের লং লার্টিন কারাগার থেকে আজ মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন উদারপন্থী ইসলামি নেতা আবু কাতাদা। জর্ডানে দুটি বোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ব্রিটিশ পুলিশ সাত বছর আগে তাঁকে গ্রেপ্তার করেছিল। আল জাজিরার খবরে বলা হয়, বিচার সম্পন্ন করতে কাতাদাকে জর্ডান সরকারের হাতে সোপর্দ করার প্রস্তুতি নিচ্ছিল ব্রিটিশ সরকার। কিন্তু, এর বিরোধিতা করে ব্রিটিশ আদালতে আবেদন করেন কাতাদা। তিনি বলেন, সোপর্দ করা হলে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালাবে জর্ডান পুলিশ। এই আবেদন ও যুক্তির পরিপ্রেক্ষিতে কাতাদাকে হস্তান্তর করার চেষ্টাকে অবৈধ ঘোষণা করেন ব্রিটিশ আদালত। একই সঙ্গে আদালত তাঁর জামিনও মঞ্জুর করেন।‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, মুক্তি পাওয়ার পর সন্ত্রাসী তত্পরতার সঙ্গে জড়িত সন্দেহে আটক কাতাদাকে উত্তর-পশ্চিম লন্ডনে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দৈনিক ১৬ ঘণ্টা ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে নজরদারি করা হবে তাঁর ওপর। তাঁর সঙ্গে দেখা করার ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তবে কী শর্তে তাঁকে জামিন দেওয়া হয়েছে, তা এখনো জানা যায়নি।এদিকে কাতাদা মুক্তি পেলেও তাঁকে জর্ডানে পাঠাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে। তিনি জানিয়েছেন, রায় পুনর্বিবেচনা করতে অভিবাসনবিষয়ক বিশেষ কমিশনের মাধ্যমে আগামী সোমবার আপিল কোর্টে আবেদন করা হবে। একই সঙ্গে জর্ডানে কাতাদার ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সে দেশের সরকারকে চাপ দেওয়ারও প্রস্তুতি নিচ্ছেন টেরেসা মে।যুক্তরাজ্যের ডেপুটি প্রধানমন্ত্রী নিক ক্লেগ বলেন, কাতাদাকে হস্তান্তরে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।