জামিনে মুক্তি পেলেন রাহুল গান্ধী
গ্রেপ্তারের তিন ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। তবে কৃষকদের সঙ্গে রাহুলের একাত্মতা প্রকাশ ও গ্রেপ্তারের ঘটনাকে ‘নাটক’ অভিহিত করে এর তীব্র সমালোচনা করেছেন উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মায়াবতী। উত্তর প্রদেশ রাজ্যের পশ্চিমাঞ্চলের ভট্ট প্রসুল গ্রাম থেকে গত বুধবার রাতে রাহুলকে আটক করে পুলিশ। এ সময় নিখিল ভারত কংগ্রেস কমিটির অপর সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং, উত্তর প্রদেশ কংগ্রেসের প্রধান রিতা বহুগুণাসহ দলের আরও কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়। এরপর রাহুলকে নিয়ে যাওয়া হয় কাসনা থানায়। রাত দুইটার দিকে জামিনে মুক্তির পর উত্তর প্রদেশের পুলিশ তাঁকে নিরাপত্তা দিয়ে দিল্লি চলে যাওয়ার ব্যবস্থা করে।একটি মহাসড়ক নির্মাণের জন্য সরকারিভাবে জমি অধিগ্রহণের বিরুদ্ধে উত্তর প্রদেশে আন্দোলন করছেন কৃষকেরা। এই আন্দোলনের কেন্দ্রস্থল এখন ভট্ট প্রসুল গ্রাম। গত শনিবার সেখানে গোলাগুলিতে দুজন কৃষক ও পুলিশের দুজন সদস্য নিহত হন। রাহুল বুধবার সেখানে গিয়ে কৃষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাঁদের ‘ধরনায়’ (অবস্থান কর্মসূচি) অংশ নেন। গতকাল বৃহস্পতিবার কৃষকদের একটি সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা করছিলেন তিনি। ওই সমাবেশে সহিংসতা ঘটতে পারে আশঙ্কায় রাহুলকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানায় রাজ্য সরকার।কৃষকদের উসকানি দেওয়ার অভিযোগে রাহুল ও কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মায়াবতী। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি কৃষকদের ধর্নায় রাহুলের একাত্মতা ও গ্রেপ্তারের ঘটনাকে ‘নাটক’ বলে অভিহিত করেছেন।বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়বতী বলেন, রাহুলের উচিত কেন্দ্রীয় সরকারে বসেই কৃষকদের অধিকার আদায়ে লড়াই করা। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে, সেখানে কেউ তাঁর কথা শুনছে না। সেই হতাশা থেকেই তিনি এখানে এসেছেন।তবে রাহুল গান্ধীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস পার্টি। দলের মুখপাত্র অভিষেক মনু সিংভি গতকাল নয়াদিল্লিতে বলেন, ‘রাজ্য সরকার কেন রাহুলকে গ্রেপ্তার করল? তিনি কৃষকদের জন্য আন্দোলন করছিলেন। এটা তো অন্যায় কিছু নয়।’মনু সিংভি বলেন, ‘উত্তর প্রদেশের সরকার কৃষিজমি দখলের জন্য পাগল হয়ে গেছে। তারা কৃষকদের ওপর হামলা চালাচ্ছে, হত্যা করছে মানুষকে। আমরা এটা চলতে দেব না।’ পিটিআই, এনডিটিভি।