জামিনের আবেদন অবকাশকালীন আদালতে
সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারের জামিনের আবেদনের বিষয়ে শুনানি অবকাশকালীন আদালতের প্রথম দিবসে অনুষ্ঠিত হবে। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক আজ মঙ্গলবার এ আদেশ দিয়েছেন।ফারুক আজ সকাল ১০টার দিকে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ নিম্নআদালতে আত্মসমর্পণ করেন তিনি।ফারুকের বিরুদ্ধে এ মামলায় গতকাল সোমবার অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুদকের সহকারী পরিচালক রাশেদুর রেজা অভিযোগপত্র দাখিল করেন। এতে বলা হয়, গত ১৪ মে সম্পদের হিসাব চেয়ে চিঠি পাঠায় দুদক। ৩ জুন এপিএস ওমর ফারুক তাঁর সম্পদের বিবরণী দাখিল করেন। প্রাথমিক অনুসন্ধান শেষে ১৪ আগস্ট রমনা থানায় এ মামলা করে দুদক। সম্পদের বিবরণীতে ফারুক ৫০ লাখ ৯৩ হাজার টাকার স্থাবর ও এক কোটি দুই লাখ ৫৪ হাজার টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন। এতে দুই লাখ ৪৩ হাজার টাকা অর্থমূল্যের সম্পদের তথ্য গোপন করেন। এ ছাড়া ফারুকের নামে এক কোটি তিন লাখ ৯৭ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে, যা তাঁর আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। মামলায় ২২ জনকে সাক্ষী করা হয়েছে।