জামিনের নথি তলব করেছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় গৃহবধূ ও তাঁর স্বামীর বন্ধুকে দোররা মারার অভিযোগে করা মামলায় আসামিদের জামিনের নথি তলব করেছেন হাইকোর্ট। ৮ মার্চের মধ্যে ওই নথি পাঠাতে নওগাঁর মুখ্য বিচারিক হাকিমের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতের নির্দেশ অনুসারে গতকাল নওগাঁর রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান এবং সালিসে অংশ নেওয়া নূর আলম, আজিজুল হক, মোফাজ্জল হোসেন ও আফজাল হোসেন আদালতে হাজির হন।গত ২২ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘গৃহবধূ ও তাঁর স্বামীর বন্ধুকে ১০১ দোররা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী শেখ আলী আহমেদ এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আইনজীবী অবন্তী নূরুল। প্রাথমিক শুনানির পর আদালত ওই দিন স্বতঃপ্রণোদিত রুল জারি করেন এবং ঘটনার ব্যাখ্যা জানাতে ওসি ও সালিসে অংশ নেওয়া চারজনকে গতকাল আদালতে হাজির হতে বলেন।ব্যাখ্যাদানকারী হিসেবে গতকাল আসক পক্ষভুক্ত হয়। আদালতে আসকের পক্ষে আইনজীবী আবু ওবায়দুর রহমান ও অবন্তী নূরুল মামলা পরিচালনা করেন। ওসির পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।পরে অবন্তী নূরুল প্রথম আলোকে বলেন, আদালত আসামিদের জামিন বাতিলের জন্য আবেদন করতে রানীনগর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।