শিশু পরাগ মণ্ডল অপহরণের মামলায় আসামিদের জামিনের বিষয়ে ব্যাখ্যা জানাতে বিচারক আবদুল মজিদকে ২০ ফেব্রুয়ারি তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই দিন এ বিষয়ে ভূমিকা জানাতে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জেলা পিপি) আবদুল মান্নানকে হাজির হতে বলা হয়েছে।এই মামলায় পাঁচ আসামির জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ফৌজদারি কার্যবিধিতে করা এক আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন।ঢাকার জেলা প্রশাসক, দায়রা জজ মো. আবদুল মজিদসহ বিবাদীদের এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ‘প্রথম আলো’য় গতকাল মঙ্গলবার ও আজ দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনের ভিত্তিতে আসামিদের জামিন বাতিল চেয়ে জনৈক নাজিম আহমেদ হাইকোর্টে আবেদনটি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। গত বছরের ১১ নভেম্বর সকাল সোয়া সাতটায় স্কুলে যাওয়ার পথে কেরানীগঞ্জের শুভাঢ্যার বাসার অদূরে গাড়িতে ওঠার সময় ছয় বছরের পরাগকে অপহরণ করে দুর্বৃত্তরা। এর আগে পরাগের সঙ্গে থাকা তার মা লিপি মণ্ডল, বোন পিনাকী মণ্ডল ও তাদের গাড়িচালক নজরুলকে গুলি করে আহত করা হয়।অপহরণের ৬৪ ঘণ্টা পর ১৩ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকায় অচেতন অবস্থায় পরাগকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।এ ঘটনায় র্যাব ও পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে অপহরণের নেতৃত্বদানকারী মোক্তার হোসেন ওরফে আমিরকে ২৫ নভেম্বর ভোরে টঙ্গীর একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।ঢাকার জেলা ও দায়রা জজ আদালত থেকে এই মামলায় প্রথমে জামিন পান আবুল কাশেম। তিনি গত ২ জানুয়ারি জামিন পান। এরপর পরাগ মণ্ডল অপহরণের অন্যতম পরিকল্পনাকারী যুবলীগের নেতা আমিনুল হক ওরফে জুয়েল মোল্লা ১৫ জানুয়ারি, আলফাজ হোসেন ২৩ জানুয়ারি, রিজভী আহম্মেদ ২৮ জানুয়ারি এবং ৭ ফেব্রুয়ারি মামুন মিয়া জামিন পান। তাঁদের জামিন থেকে শুরু করে কারাগার থেকে মুক্তি পাওয়াসহ পুরো বিষয়টিতে গোপনীয়তা রক্ষা করা হয়। সংশ্লিষ্ট আদালতের পিপি খোন্দকার আবদুল মান্নানও বিষয়টি জানতেন না বলে তিনি গত সোমবার ‘প্রথম আলো’কে বলেন। তাঁর দাবি, প্রথমে এক আসামি জামিনের আবেদন করেছিলেন। তিনি এর বিরোধিতা করেছিলেন। এর পরের ঘটনা সম্পর্কে তিনি জানেন না।