গাইবান্ধায় হত্যা মামলায় ২১ আসামির জামিনের মেয়াদ বৃদ্ধি
জামিনের ভুয়া আদেশ তৈরির বিষয় তদন্ত করার নির্দেশ
একটি মামলায় ভুয়া আদেশ তৈরি করে জামিন জালিয়াতির বিষয় তদন্ত করতে গাইবান্ধার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া এর সঙ্গে সুপ্রিম কোর্টের কেউ জড়িত কি না, তা তদন্ত করতে সুপ্রিম কোর্টের নিবন্ধককে বলা হয়েছে।গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। ৬০ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।একটি হত্যা মামলায় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের নাম উল্লেখ করে জামিনের ভুয়া আদেশের ঘটনা আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। এর পরিপ্রেক্ষিতে আদালত আদেশ দেন।আদালত সূত্র জানায়, ১৮ অক্টোবর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি নুরুজ্জামান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের নাম উল্লেখ করে ভুয়া জামিনের এ আদেশ তৈরি করা হয়। আদেশে হত্যা মামলার ২১ আসামির জামিনের মেয়াদ আট মাস বাড়ানোর কথা বলা হয়। কিন্তু ওইদিন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর সঙ্গে ছিলেন বিচারপতি মো. নূরুজ্জামান। কিন্তু কথিত আদেশের কপিতে নাম লেখা বিচারপতি নুরুজ্জামান মিয়া। এ নামে কোনো বিচারপতি হাইকোর্টে নেই। তা ছাড়া ওই কপিতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চের কথা বলা হলেও ১৮ অক্টোবর বেঞ্চটির ফৌজদারি মোশনের এখতিয়ার ছিল না।জামিনের ওই আদেশ ভুয়া জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, একটি হত্যা মামলায় ২৩ অক্টোবর বিচারিক আদালতে শুনানিতে আসামিপক্ষ হাইকোর্ট থেকে জামিন নেওয়ার বিষয়টি উল্লেখ করে কথিত আদেশের একটি ফটোকপি আদালতে দাখিল করে। সন্দেহ হলে বাদীপক্ষ যোগাযোগ করে। বিষয়টি আদালতের নজরে আনা হয়।গতকালের আদেশের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত সার্বিক ঘটনা তদন্তের নির্দেশ দিয়ে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট বিচারককে সজাগ থাকার জন্য বলা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বিচারককে অবহিত করতে সুপ্রিম কোর্টের নিবন্ধককে বলা হয়। এটা রিট বেঞ্চ। এই বেঞ্চের জামিন দেওয়ার এখতিয়ার নেই।মামলার বাদী আবদুর রশিদ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, আসামিপক্ষ হাইকোর্ট থেকে জামিনের কথা বলে কথিত আদেশের ফটোকপি আদালতে দাখিল করে। আদালত ১০ নভেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করে ওইদিন আদেশের মূল কপি নিয়ে আসতে বলেন। আবদুর রশিদ বলেন, সংশ্লিষ্ট শাখায় খোঁজ করে তাঁরা ওই ফাইল পাননি। বিষয়টি নিয়ে সন্দেহ হলে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যোগাযোগ করা হয়।জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চান্দিপুর গ্রামে গত ৮ মে এক সংঘর্ষ হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনায় গত ১০ মে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা হয়। বাদীপক্ষের আহত একজন কয়েক দিন পর ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। গত মাসে পুলিশ ২১ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করে। আসামিরা হলেন আইয়ুব আলী, জব্বার হোসেন, আবদুল মতিন, আবদুল জলিল, আঙ্গুর মিয়া, আবদুর রহমান, আমিনুল ইসলাম, সিদেক আলী, সবুজ মিয়া, আবদুল খালেক, সাইফুল ইসলাম, আয়নাল, আবু বক্কর, তসলিম, হারুন মিয়া, মিন্টু মিয়া, খোকন মিয়া, রইস উদ্দিন, মো. সাইফুল ইসলাম, মো. আবদুল জলিল ও সাজু হাজি।