জামিলুর রেজা চৌধুরী ও জাফর ইকবালের অভিনন্দন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিদ জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমকে অভিনন্দন জানিয়েছেন। এ বিষয়ে প্রথম আলোর কাছে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে ইতিবাচক ঘটনা। হাজারো বাধাবিপত্তি সত্ত্বেও শুধু অদম্য আকাঙ্ক্ষা তাঁকে এভারেস্টের শিখরে পৌঁছে দিয়েছে। তিনি মুসার সুস্থতা কামনা করেছেন এবং তাঁর দেশে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন বলে জানান।জনপ্রিয় কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল অভিনন্দন জানিয়েছেন মুসা ইব্রাহীমকে। তিনি বলেন, বাংলাদেশের তরুণ সমাজের ওপর তাঁর অগাধ আশা ও আস্থা রয়েছে। এযাবৎ দেশটির যা কিছু অর্জন, তার সবটুকুই তরুণদের। মুসার এভারেস্ট বিজয় তরুণদের জন্য একটা নতুন বার্তা নিয়ে এসেছে। তিনি চান যেসব তরুণ সারাক্ষণ টিভি বা কম্পিউটারের সামনে বসে থাকে, তারা এই বিজয় থেকে শিক্ষা নিক যে, ঘরের বাইরেও একটা জগৎ রয়েছে।