জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী মাইকেল সাতা
জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বিরোধীদলীয় নেতা মাইকেল সাতা। দেশটির প্রধান বিচারপতি আজ শুক্রবার এ কথা জানিয়েছেন।বিচারপতি আরনেস্ট সাকালা ‘কিং কোবরা’খ্যাত সাতাকে জয়ী ঘোষণা করে বলেন, এখন পর্যন্ত ৯৫ দশমিক ৩ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে সাতা পেয়েছেন ৪৩ শতাংশ বা ১১ লাখ ৫০ হাজার ৪৫ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট রুপিয়া বান্দা পেয়েছেন নয় লাখ ৬১ হাজার ৭৯৬ ভোট।১৯৯১ সালের জাম্বিয়ায় একদলীয় শাসন অবসানের পর থেকে মুভমেন্ট ফর মাল্টি-পার্টি ডেমোক্রেসির (এমএমডি) নেতা বান্দা দেশটি শাসন করে আসছেন।সাতার জয়ী হওয়ার খবরে তাঁর হাজার হাজার সমর্থক রাজধানী লুসাকাসহ দেশজুড়ে উল্লাস করেন। তবে দেশের বিভিন্ন জায়গায় সাতা ও বান্দার সমর্থকদের মধ্যে সহিংসতার খবর পাওয়া গেছে।আফ্রিকার সবচেয়ে বেশি তামা উত্পাদনকারী দেশ হচ্ছে জাম্বিয়া। তবে বিদেশি কোম্পানিগুলো অধিকাংশ তামার খনি নিয়ন্ত্রণ করছে। মাইকেল সাতা বিদেশি খনি কোম্পানির বিরুদ্ধে কথা বলার জন্য দেশটিতে ‘কিং কোবরা’ নামে পরিচিত। বিশেষ করে তিনি এবার তাঁর নির্বাচনী প্রচারণায় চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন।দেশটির অর্থনীতির প্রধান নিয়ন্ত্রক চীন। লুসাকায় চীনের দূতাবাসের তথ্যানুযায়ী, ২০১০ সালে জাম্বিয়ায় চীনের বিনিয়োগ ছিল ২০০ কোটি ডলার।বিশ্লেষকেরা বলছেন, মাইকেল সাতা প্রেসিডেন্ট হওয়ায় দেশটিতে বিদেশি বিনিয়োগে কালো ছায়া নেমে আসতে পারে। রয়টার্স।