জাম্বুরিতে আসা স্কাউটদের কলরবে মৌচাক প্রশিক্ষণ কেন্দ্র মুখরিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনবদলে স্কাউটিং—এই প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে বাংলাদেশ স্কাউটের প্রশিক্ষণ কেন্দ্রে আজ শনিবার শুরু হচ্ছে অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল সাড়ে ১০টায় সপ্তাহব্যাপী জাম্বুরির উদ্বোধন করবেন।জাম্বুরিতে অংশ নিতে দেশ-বিদেশের স্কাউট ও লিডাররা মৌচাক প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়েছে। শিশু-কিশোর স্কাউটদের কলরবে প্রশিক্ষণ কেন্দ্রটি এখন মুখরিত। এবার জাম্বুরিতে ১১ থেকে ১৬ বছর বয়সী স্কাউটরা অংশ নিচ্ছে।সরেজমিনে দেখা গেছে, গতকাল সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের এবং বিদেশের স্কাউট, লিডার ও ট্রেনাররা মৌচাক প্রশিক্ষণ কেন্দ্রে আসছেন। তাঁরা প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে প্রথমে নির্ধারিত ভিলেজে গিয়ে রিপোর্ট করছেন।পরে তাঁবু দেওয়া হলে স্কাউটরা তাদের জন্য নির্ধারিত সাব-ক্যাম্পে যায়। সেখানে তারা তাঁবু টানানো ও তাঁবু কলা নিয়ে দুপুর পর্যন্ত ব্যস্ত সময় কাটায়। সেখানে শুরু হয় প্রতিযোগিতা। তাঁবু কলায় প্রথম হওয়ার জন্য সবাই তাঁবুর চারপাশ সাজিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। বিকেলে সব স্কাউট, লিডার ও কর্মকর্তারা মূল মাঠে অবস্থান নেয়। সেখানে সন্ধ্যা পর্যন্ত তারা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় মহড়া দেয়।বাংলাদেশ স্কাউটের নির্বাহী সচিব নজরুল ইসলাম জানান, স্কাউটদের পরিচালনা করার জন্য লক্ষণবন্ধ, রূপাতলী, লালমাই, নওদাপাড়া ও পুলেরহাট নামের পাঁচটি ভিলেজ এবং এই পাঁচটি ভিলেজের আওতায় ১৫টি সাব-ক্যাম্প রয়েছে। এ ছাড়া গার্ল-ইন-স্কাউটদের রাত যাপনের জন্য নির্ধারিত একটি ক্যাম্প রয়েছে। স্কাউটদের জন্য বিকাশ, তাঁবু সাজাই, ধীমান, অভিযাত্রা, বিশ্বায়ন, আনন্দে শিখি, বন্ধুর পথ, সমাজ চেতনা, বন্ধু ও পড়শি, স্বপ্ন, কারিগর, কুশলী, আমাদের লক্ষ্য ও তাঁবু জলসা শিরোনামের ১৪টি চ্যালেঞ্জ রয়েছে, যেগুলোতে সব স্কাউট অংশ নেবে।এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠান মহাতাঁবু জলসা/আন্তর্জাতিক রজনী, সমাপনী অনুষ্ঠান, উডব্যাজ, রি-ইউনিয়ন শাপলা/পিএস/পিআরএস রি-ইউনিয়ন, ওপেন এয়ার কনসার্ট, ওল্ড স্কাউট রি-ইউনিয়ন ইত্যাদি কার্যক্রম জাম্বুরি অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকবে। মোট এক হাজার ১৫০টি ইউনিট এবং ভারত ও নেপালের ১৫০ জন স্কাউট জাম্বুরিতে অংশ নিচ্ছে। এবারের জাম্বুরিতে মিডিয়া সহযোগী হিসেবে থাকছে চ্যানেল আই, এবিসি রেডিও, প্রাণ গ্রুপ এবং সহযোগিতায় থাকছে প্রথম আলো।জাম্বুরির সমাপনী দিন ২১ জানুয়ারি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। ২২ জানুয়ারি সকালে শিশু-কিশোরদের মিলনমেলা অনুষ্ঠিত হবে।