জায়নামাজ-তসবিহ নিয়ে মহাসড়ক অবরোধ
বরগুনার পাথরঘাটা উপজেলায় আজ সোমবার হরতালের সমর্থনে ঢাকা-পাথরঘাটা মহাসড়ক অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। ভোর থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত মাছেরখাল বাজার এলাকায় এ অবরোধে অবস্থান নেন দলের শতাধিক নেতা-কর্মী।প্রতক্ষ্যদর্শীরা জানান, হরতালের সমর্থনে স্থানীয় মো. খলিলুর রহমান ও মো. আ. মজিদের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী মাছেরখাল বাজার এলাকায় ভোর থেকে মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা মহাসড়কের ওপর পাটি বিছিয়ে জায়নামাজ ও তসবিহ নিয়ে সেখানে অবস্থান নেন। এতে ঢাকা থেকে গতকাল রোববার রাতে ছেড়ে যাওয়া দেশ পরিবহন, বনফুল পরিবহন ও রুমিন পরিবহনসহ ছয়-সাতটি গাড়ি আটকে পড়ে। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটার দেশ পরিবহনের টিকিট বুকিং কর্মকর্তা কিরণ হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেশ পরিবহনসহ সাতটি পরিবহনের গাড়ি পাথরঘাটার মাছেরখাল বাজারে অবরোধে আটকা পড়ে।পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী প্রথম আলো ডটকমকে বলেন, মাছেরখাল বাজার এলাকায় বেশ কিছু লোকজন জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।