জারদারি আমেরিকার নাগরিক নন: পিপিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আমেরিকার নাগরিক নন, তিনি পাকিস্তানের নাগরিক। একটি ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের একটি পত্রিকা জারদারিকে মার্কিন নাগরিক উল্লেখ করে খবর প্রকাশ করলে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এই প্রতিক্রিয়া জানায়।পিপিপির তথ্যসচিব ফাওজিয়া ওয়াহাব ‘নোটেবল নেমস ডাটাবেজ’ নামক ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়েছেন। বিশ্বের ৩৫ হাজার বিখ্যাত ব্যক্তির বিস্তারিত তথ্যসংবলিত এই ওয়েবসাইটটিতে বলা হয়, জারদারি এশিয়া/ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক। তিনি বলেন, এ ধরনের সংবাদ পরিবেশন করার উদ্দেশ্য প্রেসিডেন্ট জারদারিকে বিতর্কিত করা এবং পাকিস্তানকে সমস্যায় ফেলা ছাড়া আর কিছুই নয়।এ ছাড়া কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানের একটি পত্রিকার প্রথম পাতায় সংবাদটি প্রকাশ করায় পত্রিকাটিরও সমালোচনা করেন ফাওজিয়া ওয়াহাব।এই ওয়েবসাইটটির উদ্ধৃতি দিয়ে ১৪ জুন পাকিস্তানের দ্য নিউজ পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। তবে ওয়েবসাইটটিতে আগের তথ্যটি দ্রুত পরিবর্তন করে জারদারিকে পাকিস্তানের নাগরিক হিসেবে দেখানো হয়েছে।