জারদারি-ইফতিখারের দ্বন্দ্বের বলি গিলানি!
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইউসুফ রাজা গিলানিকে অযোগ্য হিসেবে ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট। এ সিদ্ধান্ত সরকারকে নড়বড়ে অবস্থায় ফেলবে সন্দেহ নেই। তবে মনে করা হচ্ছে, জারদারিকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করার সিদ্ধান্ত সরকারকে বিপন্ন করবে না। পাকিস্তান পিপলস পার্টি এ ব্যাপারে জোটভুক্ত দলগুলোর সমর্থন পেতে পারে। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেকে এ ঘটনার সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীর মধ্যে চলমান দ্বন্দ্বের যোগসূত্র খুঁজে পেয়েছেন। অনেকে মনে করছেন, দুজনের দ্বন্দ্বের মাঝখানে পড়ে নাজেহাল হচ্ছেন গিলানি। সাবেক রাজনৈতিক বিশ্লেষক নিজাম সেথি বলেন, গিলানিকে অযোগ্য ঘোষণা করার পেছনে রাজনীতি রয়েছে।নিউইয়র্ক টাইমসের খবরে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ পাকিস্তানকে সাংবিধানিকভাবে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। আদালত পাকিস্তানকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে নিয়ে যাওয়ার জন্য জারদারিকে নির্দেশ দিয়েছেন। সে সঙ্গে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগ নেওয়ারও নির্দেশ দেওয়া হচ্ছে জারদারিকে। বিশ্লেষকেরা বলছেন, গিলানি আদালতের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন না। তবে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এতে আরেকটি উদ্বেগের বিষয় হলো, যুক্তরাষ্ট্র পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে আফগানিস্তানে ন্যাটো রসদ সরবরাহ করতে চায়। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতায় পৌঁছানোর জন্য আলোচনা চলছে। এখন গিলানিকে অযোগ্য ঘোষণার পরে এ ঘটনায় কী প্রভাব পড়বে, সেটিও দেখার বিষয়।এদিকে সুপ্রিম কোর্টের এ ঘোষণার পরে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারির বাড়িতে বসেছে জরুরি বৈঠক। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন দল আদালতের নির্দেশ মেনে নেবে। তবে এ ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাকিস্তানের বিরোধী দল মুসলিম লীগের (এন) জ্যেষ্ঠ নেতা শাহাবাজ শরিফ আদালতের উদ্যোগকে সমর্থন দিয়ে বলেছেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশ আইন ও সংবিধানকে সমুন্নত রাখবে। এদিকে আদালতের এই সিদ্ধান্তে পাঞ্জাব প্রদেশে অস্থিরতা দেখা দিয়েছে। সেখানে বেশ কয়েকটি শহরে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।বিশ্লেষক নিজাম সেথি মনে করেন, আইন রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। তবে সরকারের আচরণ অপটু। সরকার এতে করে ক্ষমতার সংকটে পড়বে। গিলানিকে অযোগ্য ঘোষণা করে আদালত শক্ত পদক্ষেপ নিয়েছেন। গিলানির মামলা আদালত নির্বাচন কমিশনের কাছে দেবে। নির্বাচন কমিশন এ মামলা নিষ্পত্তির জন্য তিন মাস সময় নেবে।পাকিস্তানের সরকারি টেলিভিশন সূত্রে জানা গেছে, দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করার জন্য সুইস কর্তৃপক্ষকে আহ্বান জানাতে রাজি হননি গিলানি। এ অপরাধে গত ২৬ এপ্রিল গিলানিকে দোষী সাব্যস্ত করা হয়। এরপরে আজ তাঁকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করা হলো। সরকারি টিভি সূত্রে আরও জানা গেছে, পাকিস্তানের হাইকোর্ট নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের উদ্যোগ নিতে জারদারিকে নির্দেশ দিয়েছেন।