জারদারি পাকিস্তানে নিরাপদ নন: গিলানি
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির জীবনের ওপর হুমকি থাকায় চিকিত্সার জন্য বাধ্য হয়েই তাঁকে দুবাইয়ের হাসপাতালে যেতে হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গতকাল বুধবার সিনেটে এ কথা জানিয়েছেন বলে দ্য ডন পত্রিকার অনলাইনে বলা হয়েছে।সিনেটে গিলানি জানান, সরকার ও প্রেসিডেন্টের পরিবার জারদারিকে চিকিত্সার জন্য দুবাইয়ে যেতে রাজি করিয়েছে। কারণ, পাকিস্তানের কোনো হাসপাতালে চিকিত্সা নিলে তাঁর জীবনের ওপর হামলার ঝুঁকি ছিল। গিলানি বলেন, ‘তিনি (প্রেসিডেন্ট জারদারি) ছিলেন অসুস্থ। তিনি পাকিস্তানের হাসপাতালে জীবনের ওপর হুমকির আশঙ্কায় ছিলেন। এ কারণেই তিনি পাকিস্তানের কোনো হাসপাতালে চিকিত্সা নিতে চাননি।’এদিকে প্রেসিডেন্ট জারদারিকে দুবাইয়ের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গত নয় দিন ধরে তিনি ওই হাসপাতালে চিকিত্সা নিচ্ছিলেন। এখন তিনি দুবাইয়ে বিশ্রাম নেবেন। তবে তাঁর দেশে ফেরা নিয়ে এখনো নানা গুজব চলছে।মৃদু হার্ট অ্যাটার্কের ঘটনায় চিকিত্সার উদ্দেশ্যে দুবাই যান জারদারি। তবে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে পাকিস্তানে গুজব রটে।