জারদারি-বিলাওয়াল মতবিরোধ তুঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা সঙ্গে মন-কষাকষি করে দুবাইয়ের উদ্দেশে পাকিস্তান ছেড়েছেন বিলাওয়াল ভুট্টো জারদারি। ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে এ মন-কষাকষি হয়। দেশটির সাধারণ নির্বাচন সামনে রেখেই পিপিপির তারকা প্রচারাভিযানকারী বিলাওয়াল এভাবে দেশ ত্যাগ করলেন।এদিকে পিপিপির নির্বাচনী প্রচারণায় বিলাওয়াল ভুট্টো নেতৃত্ব দেবেন না বলে জানা গেছে। দলটির কর্মকর্তারা জানান, আগামী ৪ এপ্রিল দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। সম্প্রতি পিপিপির প্রধান পৃষ্ঠপোষক (প্যাট্রন-ইন-চিফ) হিসেবে বিলাওয়ালের নাম ঘোষণা করা হয়। তবে এরই মধ্যে জঙ্গি হামলা ও শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে গোষ্ঠীগত হামলা মোকাবিলা, ১১ মের সাধারণ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়নদানের মতো পিপিপির গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বাবা আসিফ আলী জারদারি ও বোন ফারিয়াল তালপুরের সঙ্গে বিলাওয়ালের মতপার্থক্য বেড়ে যায়।দুটি গোপন সূত্র এসব বিষয়ে পিটিআইকে জানায়, বিলাওয়াল তাঁর বাবাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি মনে করেন, গত বছর কিশোরী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের ওপর তালেবানের গুলি এবং কোয়েটা ও করাচিতে তিনটি ভয়াবহ বোমা হামলার ঘটনার মতো বিষয় পিপিপি শক্তভাবে নেয়নি। এসব বোমা হামলায় প্রায় ২৫০ জন নিহত হয়।দেশের তরুণ ভোটারদের আকর্ষণ করা নিয়ে পিপিপির নির্লিপ্ত ভূমিকাতেও হতাশ বিলাওয়াল। বিশেষত, নির্বাচন সামনে রেখে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান ও অন্য দলগুলো যে চেষ্টা চালিয়েছে, তাতে বিশেষভাবে হতাশ হন তিনি।আরেক সূত্র জানিয়েছে, পিপিপির ২৪ বছর বয়সী চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো সিন্ধু প্রদেশে নিজ সুপারিশ করা কয়েকজন প্রার্থীকে নির্বাচনে মনোনয়ন দিতে বোন ফারিয়াল তালপুরের অস্বীকৃতি জানানোতেও ক্ষুব্ধ হন। এ ছাড়া ওই সূত্র আরও জানায়, গত মাসে পিপিপির প্রায় ২০০ কর্মীর নাম সুপারিশ করে বিলাওয়াল তাঁদের চাকরি দিতে সিন্ধুর সাবেক মুখ্যমন্ত্রী কাইম আলী শাহকে অনুরোধ করেন। কিন্তু তালপুর এতে বাদ সাধেন। এতে ভাইবোনের সম্পর্কে চিড় ধরে।বিলাওয়াল এসব বিষয় বাবার সঙ্গে আলোচনা করেন। তিনি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে নিজের প্রয়োজনীয় কর্তৃত্ব দাবি করেন। কিন্তু প্রেসিডেন্ট জারদারি তালপুরের পক্ষ নেন। তালপুর পিপিপির বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। সূত্র জানায়, প্রেসিডেন্ট জারদারি ছেলে বিলাওয়ালকে বলেন, দল দেখাশোনা শেষে তিনি এর দায়িত্বভার অন্যের ওপর অর্পণ করবেন। এতেও বিলাওয়াল মনোক্ষুণ্ন হন। পরে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়েন। বাবা-ছেলের সম্পর্ক এতটাই খারাপ হয়ে ওঠে যে বিলাওয়াল সাফ জানিয়ে দেন, তাঁকে যদি ভোট দিতেই হয়, তবে তিনি অন্তত পিপিপিকে ভোট দেবেন না। পিটিআই ও ডন।