জারদারি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন কাল
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি কাল বৃহস্পতিবার দুবাইয়ের একটি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন জারদারির চিকিত্সক।৫৬ বছর বয়স্ক জারদারিকে গত সপ্তাহে অসুস্থ অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাঁর পদত্যাগের গুঞ্জন ওঠে।প্রেসিডেন্টের দপ্তরের বরাত দিয়ে খালদুন তাহা আজ বুধবার জানিয়েছেন, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তাঁর শারীরিক অবস্থা এখন স্বাভাবিক। তার পরও গত কয়েক দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং কাল বৃহস্পতিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন। তাঁকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে নিয়মিত হূদরোগের ওষুধ সেবনের জন্যও বলা হয়েছে।জারদারি তাঁর বাঁ বাহুতে কম্পন অনুভব করেন এবং কয়েক মুহূর্তের মধ্যেই অচেতন হয়ে পড়েছিলেন। পরে হাসপাতালে ভর্তির পর তাঁর সংজ্ঞা ফিরে আসে।সংশ্লিষ্ট সূত্র বলেছে, জারদারি সম্ভবত কয়েক মুহূর্তের জন্য হূদযন্ত্রে রক্ত সঞ্চালনে বাধাগ্রস্ত হয়েছিলেন, যা স্ট্রোকে রূপ নিতে পারত। কিন্তু সেটা মস্তিষ্কের স্থায়ী ক্ষতি করেনি।এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘হাসপাতালে জারদারি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কিন্তু বাসায় ফেরার আগে তাঁর আরও দুই সপ্তাহের বিশ্রাম প্রয়োজন।’ প্রেসিডেন্ট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং দেশটির শক্তিশালী সেনাবাহিনী তাঁকে উত্খাত করার চেষ্টা করছে—এ ধরনের গুঞ্জনকেও নাকচ করে দেন গিলানি।জারদারি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। এ ছাড়া ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের পদত্যাগের ঘটনায়ও নানামুখী চাপে ছিলেন তিনি। রয়টার্স।