জারদারিকে জুতা নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্মিংহামে একটি জনসভায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়েছে। আজ রোববার ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার এক সংবাদে জানা গেছে, গতকাল শনিবার বার্মিংহামে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় দর্শকসারি থেকে তাঁর দিকে কেউ একজন জুতা ছুড়ে মারে। পাকিস্তানে চলমান ভয়াবহ বন্যার সময় তাঁর ব্রিটেন সফর নিয়ে চারদিকে সমালোচনার ঝড় উঠেছে। টেলিগ্রাফ আরও জানিয়েছে, জারদারির দিকে জুতা ছুড়ে মারার অভিযোগে মধ্যবয়সী এক অজ্ঞাত পরিচয় লোককে জনসভাস্থল থেকে পুলিশ অন্যত্র সরিয়ে নেয়।একজন প্রত্যক্ষদর্শী জানায়, জারদারি যখন তাঁর দীর্ঘ বক্তৃতার মাঝপর্যায়ে ছিলেন তখন ভিড়ের মধ্য থেকে তাঁর দিকে জুতা নিক্ষেপ করা হয়। কিন্তু কেন তাঁর দিকে জুতা নিক্ষেপ করা হয়েছে, সেটি এখনো পরিষ্কার নয়।এদিকে ব্রিটেনের এক পত্রিকার সঙ্গে আলাপকালে জারদারি বলেছেন, পাকিস্তানে বন্যা হলেও এ সময় তাঁকে দেশে থাকতেই হবে, এমন কোনো কথা নেই।তিনি আরও বলেন, তাঁর চলমান ইউরোপ সফর পূর্বনির্ধারিত। এ সফরে বরং বন্যার ক্ষয়ক্ষতির ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা যাবে।উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারিতে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় সফরকালে এক জার্মান ছাত্র তাঁর দিকে জুতা নিক্ষেপ করেন। মার্টিন জাহনকি (২৭) নামের প্যাথলজি বিভাগের এ ছাত্রকে পরে গ্রেপ্তার করা হয়।