জারদারিকে হটাতে চায় সেনাবাহিনী
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিদায় চাইছে দেশটির সেনাবাহিনী। তবে এ জন্য তারা কোনো অভ্যুত্থান ঘটাতে চায় না।সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার জানায়, ‘অজনপ্রিয়’ প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিদায় চাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। তবে তারা কোনো অভ্যুত্থান ঘটাতে রাজি নয়।এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, তাঁর সরকারকে উত্খাতের চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। তিনি বলেন, সেনাবাহিনীকে অবশ্যই পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকতে হবে। গিলানির এই কথার মধ্য দিয়ে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে যে পাকিস্তানে হয়তো ক্ষমতার পালাবদল হতে চলেছে এবং তা অসাংবিধানিক উপায়ে।নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, ‘জারদারির ওপর কে না বিরক্ত? শুধু বিরোধী দল নয়, রাস্তার লোক থেকে শুরু করে সরকারের ভেতরে থাকা লোক পর্যন্ত তাঁর ওপর নাখোশ।’ওই কর্মকর্তা আরও বলেন, ‘যা হওয়ার তা কিন্তু আইনি পন্থায় হতে হবে। সেনাবাহিনী কোনো কিছু ঘটানোর পরিকল্পনায় নেই। যদি আমরা এমন চেষ্টা করি, তাহলে জনগণ তা পছন্দ করবে না।’তবে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আশফাক কায়ানি ক্ষমতা গ্রহণের পর থেকে সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রেখেছেন।১৯৪৭ সালে স্বাধীনতালাভের পর থেকে পাকিস্তানে বারবার সামরিক অভ্যুত্থান হয়েছে। সর্বশেষ জেনারেল পারভেজ মোশাররফ ১৯৯৮ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। এরপর অনেক চড়াই-উতরাই পেরিয়ে ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি দেশটি গণতন্ত্রের পথে আবার হাটতে শুরু করে। এখন যদি আবার কোনো অভ্যুত্থান হয়, তবে সেই আগের অবস্থায় ফিরে যাবে পাকিস্তান। সামনের দিনগুলোতে কী হয়, তা জানার জন্য এখন শুধুই অপেক্ষা করতে হবে। রয়টার্স ও বিবিসি।