জারদারির গণমাধ্যম উপদেষ্টার পলায়ন
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির গণমাধ্যম উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত হুসাইন হাক্কানির স্ত্রী ফারাহনাজ ইস্পাহানি আইএসআইয়ের হাতে অপহরণের ভয়ে পাকিস্তান থেকে পালিয়েছেন। লন্ডন থেকে জিয়ো নিউজ এ খবর জানিয়েছে বলে বার্তা সংস্থা আইএএনএসয়ের খবরে বলা হয়েছে। খবরে বলা হয়েছে, ফারাহনাজ ইস্পাহানি পাকিস্তান থেকে পালিয়ে ওয়াশিংটনে গেছেন। ইস্পাহানি দাবি করেছেন, গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাতে অপহূত হওয়ার আশঙ্কায় ভীত হয়ে তিনি পাকিস্তান থেকে পালিয়েছেন। তিনি দাবি করেছেন, আলোচিত গোপন চিঠির বিষয়ে তাঁর স্বামীকে দিয়ে জোর করে স্বীকারোক্তি আদায়ে এবং জারদারিকে এ কেলেঙ্কারির সঙ্গে জড়ানোর জন্য তাঁকে অপহরণ করা হতে পারে বলে তিনি আশঙ্কা করছিলেন। ফারাহনাজ ইস্পাহানি সানডে টাইমসের লেখক ক্রিস্টিনা ল্যাম্বকে এসব কথা জানিয়েছেন। ইস্পাহানি দাবি করেছেন, চিঠি কেলেঙ্কারিতে তাঁর স্বামী হাক্কানিকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করা হয়েছে। এদিকে ইস্পাহানির উদ্ধৃতির বরাত দিয়ে ক্রিস্টিনা ল্যাম্ব তাঁর নিবন্ধে উল্লেখ করেছেন, হাক্কানির জীবন বিপদগ্রস্ত এবং আইএসআইয়ের হাতে অপহূত হওয়ার ভয়ে তিনি পালিয়ে ওয়াশিংটন এসেছেন। জোর করে একটি স্বীকারোক্তিতে স্বাক্ষর এবং জারদারিকে এই কেলেঙ্কারিতে জড়ানোর জন্য তাঁকে অপহরণ করতে পারে আইএসআই।ইস্পাহানি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘আমি সন্ত্রস্ত, পাকিস্তান সরকার নিজেকেও রক্ষা করতে পারবে না।’