জারদারির বিরুদ্ধে করা আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট হিসেবে আসিফ আলী জারদারির কাজ চালিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা একটি আবেদন খারিজ করে দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। আজ বুধবার বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির জামায়াতে ইসলামির নেতা ফরিদ পিরাচা লাহোর হাইকোর্টে এই আবেদন করেন। আদালত গতকাল মঙ্গলবার আবেদনটি খারিজ করে দেন। প্রেসিডেন্ট হিসেবে আসিফ আলী জারদারিকে দেশটির রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ওই রায়ের আলোকে প্রেসিডেন্ট হিসেবে জারদারির কাজ চালিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন জামায়াত নেতা ফরিদ।আবেদনে বলা হয়, আদালতের নির্দেশ অমান্য করে প্রেসিডেন্ট জারদারি পাকিস্তান পিপলস পার্টির নেতা হিসেবে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। একই বিষয়ে আদালতে আরেকটি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে—এই যুক্তিতে জামায়াত নেতা ফরিদের আবেদনটি খারিজ করেন আদালত।