জারদারির বিরুদ্ধে চাঙা হচ্ছে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করবে সরকার। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে এ কথা বলেন প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। তিনি বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী সরকার এ ব্যবস্থা নেবে।প্রধানমন্ত্রী বলেন, সুইজারল্যান্ডে প্রেসিডেন্টের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বন্ধে অ্যাটর্নি জেনারেল যে চিঠিটি পাঠিয়েছিলেন, তাও বাতিল করার নির্দেশ দিয়েছে সরকার। তবে সুপ্রিম কোর্ট দুই থেকে তিন দিনের মধ্যে ওই চিঠিটি পুরোপুরি বাতিলের নির্দেশ দিয়েছেন।পাকিস্তানের সর্বোচ্চ আদালত মামলাটি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছেন এবং বিচারকাজ চলার সময় প্রধানমন্ত্রীকে সশরীরে হাজির থাকার বাধ্যবাধকতা থেকেও অব্যাহতি দিয়েছেন।পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত ২৭ আগস্ট সর্বশেষ শুনানির সময় পাঁচজন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চটি আরও সময় চেয়ে পারভেজ আশরাফের করা আবেদন অনুমোদন করেন এবং তাঁকে তিন সপ্তাহ সময় দেন।ডন অনলাইনের খবরে বলা হয়, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে সুইজারল্যান্ডের একটি আদালতে দায়ের করা দুর্নীতির মামলা থেকে তাঁকে অব্যাহতি দিতে কর্তৃপক্ষকে চিঠি লেখেন পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল। পরে মামলাটি স্থগিত করা হয়। এরপর পাকিস্তানের সুপ্রিম কোর্ট ২০০৯ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীকে ওই চিঠি বাতিল করে মামলাটি পুনরুজ্জীবিত করার নির্দেশ দেন। সরকার আদালতকে জানায়, প্রেসিডেন্ট জারদারি দেশে ও বিদেশে রাষ্ট্রের দেওয়া সাধারণ ক্ষমার অধীনে আছেন এবং এ কারণে তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ উত্থাপন করা চলবে না। আদালত এই জবাবে সন্তুষ্ট না হয়ে মামলা চালু করার নির্দেশ দেন।তত্কালীন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আদালতের নির্দেশ অগ্রাহ্য করলে আদালত তাঁকে ‘আদালত অবমাননার’ দায়ে অভিযুক্ত করেন। এতে ইউসুফ রাজা গিলানি প্রধানমন্ত্রীর পদে থাকার যোগ্যতা হারিয়ে পদত্যাগে বাধ্য হন।ইউসুফ রাজার পরে পারভেজ আশরাফ প্রধানমন্ত্রী হওয়ার পর গত ২৭ জুন আদালতের ওই বেঞ্চটি মামলাটি পুনরুজ্জীবিত করতে নতুন প্রধানমন্ত্রীকে নির্দেশ দেন। ৮ আগস্ট সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পারভেজ আশরাফের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেন। নোটিশে প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরুর জন্য সুইজারল্যান্ডের সরকারকে চিঠি লেখার যে নির্দেশ আদালত প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন, তা কেন বাস্তবায়ন করা হয়নি, তা জানতে চাওয়া হয়।কারণ দর্শানো নোটিশের পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট শুনানি হয়। ওই সময় আদালত মামলাটি ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছিলেন।