জারমেইন জ্যাকসনের সঙ্গে প্রেম ছিল হুইটনির
পপসম্রাট মাইকেল জ্যাকসনের বড় ভাই জারমেইন জ্যাকসনের সঙ্গে গোপন প্রেমের সম্পর্ক ছিল সদ্য প্রয়াত মার্কিন সংগীতশিল্পী হুইটনি হিউস্টনের। ‘দ্য সান’ পত্রিকায় সম্প্রতি এমন দাবি করা হয়েছে।খবরে বলা হয়, হুইটনি-জারমেইন জুটির প্রেম টিকেছিল মাত্র এক বছর। স্থায়িত্বকাল কম হলেও তাঁদের প্রেম ছিল আবেগে পরিপূর্ণ। সে সময় বিবাহিত জারমেইন ও হুইটনির গোপন প্রেমের কথা খুব কম মানুষই জানত, যাদের মধ্যে মাইকেল জ্যাকসনও ছিলেন। কিন্তু কখনোই ব্যাপারটি কাউকে জানতে দেননি তিনি।১৯৮৫ সালের আগস্টে প্রকাশিত হয় হুইটনির অন্যতম জনপ্রিয় গান ‘সেভিং অল মাই লাভ ফর ইউ’। গানটিকে হুইটনি-জারমেইনের গোপন প্রেমের গল্পের প্রতিধ্বনি বলেই দাবি করেছে ‘দ্য সান’। গানটি লেখা হয়েছিল একজন বিবাহিত পুরুষের সঙ্গে একজন তরুণীর চলমান প্রেমের সম্পর্ককে উপজীব্য করে। সে সময় বিবাহিত জারমেইন ও হুইটনির জীবনের সঙ্গে অনেকটাই মিলে যায় গানটির বিষয়বস্তু। গানটির মিউজিক ভিডিওতে হুবহু জারমেইনের মতো দেখতে একজন মডেলও ভাড়া করেছিলেন হুইটনি।সম্পর্কের ইতি ঘটলেও তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। আর তাই গত মাসে লস অ্যাঞ্জেলেসের একটি হোটেলে কক্ষের বাথটাব থেকে হুইটনির মৃতদেহ উদ্ধারের খবর শোনার পর অত্যন্ত মুষড়ে পড়েন জারমেইন।